সন্ধান২৪.কম ডেস্ক : পি আর কিউ-এর মতোই সম্পর্ক বাঙালির সঙ্গে অ্যাসিডিটির। কোনও সমস্যা হোক বা না হোক তাঁরা দায়ী করেন অ্যাসিডিটিকে। তাই সঙ্গের সাথী অ্যান্টাসিড। ইদানীং অনেক মানুষ কয়েক ধাপ এগিয়ে মোবাইলের মত সর্বক্ষণের সঙ্গী করে নিয়েছেন প্যান্টোপ্রাজোল জাতীয় প্রোটন পাম্প ইনহিবিটর (পিপিআই) জাতীয় ওষুধকে। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করার মতো নিয়ম করে খেয়ে নেন, ব্যাস সারা দিনের জন্যে নিশ্চিন্ত। অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে যাঁরা প্রত্যেক দিন প্যান্টোপ্রাজোল জাতীয় ওষুধ খান, তাঁদের জন্য আশঙ্কার কথা শুনিয়েছেন ভাইরোলজিস্টরা। এদের সার্স কোভ-২ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অন্যদের তুলনায় আড়াই থেকে ৩.৭ গুণ বেশি।
আমেরিকান ‘জার্নাল অফ গ্যাসট্রোএন্টেরোলজি’-তে সম্প্রতি এই বিষয়ে এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আমেরিকার সিডার্স সিনাই মেডিক্যাল সেন্টারের চিকিৎসাবিজ্ঞানী ৮৬,০০০ জন মানুষের উপর এক সার্ভে করার পর এই গবেষণাপত্র প্রকাশ করেছেন। সমীক্ষায় দেখা গেছে যে, ৮৬,০০০ জনের মধ্যে ৫৩,০০০ জনেরও বেশি মানুষ পেটে অস্বস্তি, ব্যথা, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা ও হার্ট বার্নের সমস্যার কারণে নিয়মিত প্যান্টোপ্রাজোল জাতীয় ওষুধ খান। এদের মধ্যে প্রায় ৩,৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


