মো: মাহতাব হোসেন
সন্ধান২৪.কম: চপ-পেঁয়াজি-শিঙাড়ার সঙ্গে সস খেতে সকলেই ভালবাসেন। ম্যাগি হোক বা ডিম পাউরুটি— সস না হলে মুখে তুলবে না তারা। এই অভ্যাসের ফলে অনেক সময়ই একটু বেশি পরিমাণে সস খাওয়া হয়ে যায়। কিন্তু তাতে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে ।

সস তৈরি করার সময়ে টমেটোর সঙ্গে নুন, নানা রকম মশলা, চিনি এবং সিরাপ দেওয়া হয়। তাই ১৭ গ্রাম সসে ১৯ ক্যালরি থাকে। ভাজাভুজির সঙ্গে যখন সস খাওয়া হয়, তখন ক্যালরি আরও বেড়ে যায়। শরীরে নুনের পরিমাণও অনেকটাই বেড়ে যায়। এতে উচ্চ রক্তচাপ এবং পরবর্তী কালে আরও নানা রকম শারীরিক জটিলতা তৈরি হতে পারে। সস তৈরি করতে যে সিরাপ ব্যবহার হয়, তাতেও স্থূলতা, ডায়াবিটিস বা ফ্যাটি লিভারের মতো নানা রকম রোগও দেখা দিতে পারে শরীরে। তাই ওজন কমানোর সময়ে সস খাওয়া যতটা মুশকিলের, স্বাস্থ্যের পক্ষেও ততটাই বিপজ্জনক।
উপায় কী? বাড়িতেই যদি কম নুন এবং চিনি বা সিরাপের বদলে গুড় কিংবা মধু দিয়ে টমোটো সস বানিয়ে নিতে পারেন, তা হলে সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে। এবং মাঝেমাঝে নির্দ্বিধায় আপনি ইচ্ছেমতো খেতেও পারবেন। সসের বিকল্প হিসেবে পুদিনা-ধনেপাতার চাটনি বানিয়ে রাখতে পারেন।