সন্ধান২৪.কমঃ ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আগমণে নিসচা যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে ৫ মার্চ জ্যামাইকার একটি পার্টি হলে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বিশিষ্ট অভিনেতা আহমেদ শরীফ, ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)র লাইফ মেম্বার মুহাম্মদ আবদুস সালাম, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এনওয়াই ইনস্যুরেন্স ও গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহনেওয়াজ, খলিল বিরানী হাউসের কর্ণধার মো. খলিলুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলওয়ার, ডা. বর্ণালী হাসান, ডা. আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা মনির হোসেন, এবিএম ওসমান গনি, রেজাউল করিম চৌধুরী প্রমুখ। নিসচা যুক্তরাষ্ট্র শাখার শাখার সভাপতি ইসমাইল হোসেন স্বপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, যার পরিবারে দুর্ঘটনা ঘটে, তারা ছাড়া আর কেউ তা বুঝতে পারে না। চালক, গাড়ি, পথচারী, আচরণ, আইনের প্রয়োগের অভাব ও সচেতনতার অভাবে দুর্ঘটনা ঘটছে। আমাদের এটি প্রতিরোধ করতে হবে। এসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশে সড়ক ব্যবস্থা নিয়ে আরও কাজ করতে হবে।
অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে ফুল দিয়ে বরণ করে নেন নিসচা যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দসহ অন্যান্যরা। এসময় তাকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রে আসেন।


