সন্ধান২৪.কম : এখন থেকে সরাসরি একদেশ থেকে অন্যদেশে ফোন করতে পারবেন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা । সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে গত সপ্তাহে সম্মত হওয়ার পর ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সরাসরি টেলিফোন সেবা চালু করেছে । এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে কোন আরব দেশের বন্ধুত্বের তৃতীয় শান্তি চুক্তি।
এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ‘ঐতিহাসিক শান্তি চুক্তির পরে পরস্পর টেলিফোন করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন’। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই চুক্তির বিষয়ে গত বৃহস্পতিবার ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে । পাশাপাশি ফিলিস্তিন, ইরান আর তুরস্ক এর নিন্দা জানিয়ে তীব্র বিরোধীতা করেছে ।


ওই চুক্তির শর্ত অনুযায়ী, দখলকৃত পশ্চিম তীরে বিতর্কিত বসতি সম্প্রসারণ পরিকল্প না স্থগিত করতে সম্মত হয়েছে ইসরায়েল। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন যায়িদ আল-নাহিয়ানকে টেলিফোনের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবী আশকেনাজি রবিবার টুইটারের একটি বার্তায় লিখেছেন, দুই পক্ষই ‘দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের আগে উভয় পক্ষই সরাসরি টেলিফোন যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।”
ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের টেলিফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের টেলিফোন কোড উন্মুক্ত করে দিয়েছে। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ইয়োয়াজ হেন্ডেল বলছেন, ” (টেলিফোন কোড) উন্মুক্ত করে দেয়ার জন্য আমি সংযুক্ত আরব আমিরাতকে স্বাগত জানাই।”
এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কোন রকম কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু ইরানের বিষয়ে তাদের সবার উদ্বেগের কারণে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ তৈরি করেছে।


