৬৪ বলে সেঞ্চুরি। এক ওভারে ৩৪ রান। বেন স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হওয়াটা উদ্যাপন করলেন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে।
শুক্রবার কাউন্টি ক্রিকেট ক্লাব ডারহামের হয়ে এই ইংলিশ অলরাউন্ডার ঝড়ো ইনিংস খেলেন ওস্টারশায়ারের বিপক্ষে।
বাঁ-হাতি স্টোকস হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৪৭ বলে। দ্বিতীয় ফিফটি করতে মাত্র ১৭ বল খেলেন তিনি। গত সপ্তাহে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক হিসাবে জো রুটের স্থলাভিষিক্ত হওয়া স্টোকস এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এই প্রথম খেলছেন।
চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন সকালে স্টোকস যখন ক্রিজে যান, ডারহাম তখন ৩৬০/৪। ওস্টারশায়ারের টিনএজ বাঁ-হাতি স্পিনার জশ বেকারের এক ওভারে ৩৪ রান নেন স্টোকস। ওই ওভারে টানা পাঁচ ছক্কায় পূর্ণ করেন সেঞ্চুরি।
আরেকটি ছয় হাঁকালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট স্যার গ্যারফিল্ড সোবার্সের এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড স্পর্শ করতেন স্টোকস। কিন্তু শেষ বলে চার হলে সেই রেকর্ডে ভাগ বসানো সম্ভব হয়নি তার পক্ষে। শেষমেশ রেকর্ড ১৭ ছয়ে ১৬১ রান করে আউট হন তিনি। কাউন্টিতে এক ম্যাচে ১৭ ছয় সর্বোচ্চ। অ্যান্ড্রু সাইমন্ডস মেরেছিলেন ১৬ ছক্কা।


