সন্ধান২৪.কমঃ খুলনা থেকে পালিয়ে গিয়ে কুষ্টিয়ায় গিয়ে তিনজনকে হত্যা করেন এএসআই সৌমেন রায়। রবিবার সকালে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কাউকে কিছু না বলে নিজের রিভলবার নিয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি।

এএসআই সৌমেন রায় খুলনার ফুলতলা থানা থেকে ছুটি না নিয়ে পালিয়ে কুষ্টিয়া গিয়েছিলেন। এ ঘটনায় সৌমেনকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ। এএসআই সৌমেন রায় মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আসবা গ্রামের মৃত সুনীল রায়ের ছেলে।
ফুলতলা থানার একজন কর্মকর্তা জানান, গত বছরের ২১ ডিসেম্বর সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় এএসআই পদে যোগদান করেন। এরপর থেকেই সে মাঝেমধ্যে থানায় অনুপস্থিত থাকতেন। রবিবার সকালে সে কাউকে কিছু না বলে থানা থেকে বেরিয়ে যান। দুপুরে আমরা খবর পাই, সে কুষ্টিয়ায় গিয়ে নারী-শিশুসহ তিনজনকে গুলি করেছে।
খুলনার পুলিশ সুপার (এসপি) জানান, আমাদের কোনো অনুমতি ছাড়াই সে (এএসআই সৌমেন রায়) কুষ্টিয়ায় গেছে। সেখানে গিয়ে সে তিনজনকে হত্যা করে গ্রেফতার হয়েছে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসআই সৌমেন রায় রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা করে । নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা মেজবা খানের ছেলে বিকাশ কর্মী শাকিল খান (২৮), আসমা খাতুন (৩৪) ও আসমার শিশু সন্তান রবিন (৭)। এদের মধ্যে আসমা খাতুন এএসআই সৌমেনের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।