জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত, ৪০ বছর জেল হতে পারে

গত বছর যুক্তরাষ্ট্রের মিনেয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনকে দোষী সাব্যস্ত করেছে জুরি।

সন্ধান২৪.কমঃ মাত্র একদিনেরও কম সময় নিয়ে ১২ সদস্যের জুরি প্যানেল মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন । অত্যন্ত চাঞ্চল্যকর এ মামলায় তিন সপ্তাহের বিচার শেষে মঙ্গলবার রায় আসে।

গত বছর মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর ফ্লয়েডের ঘাড়ে শভিনের (৪৫) হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে  সমালোচনার ঝড় তুলে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত তিনটি অভিযোগ ‌‌‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যা, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যা এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যা সবগুলোই প্রমাণিত হয়েছে। এখন তাকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দেওয়া হতে পারে।

আইন অনুযায়ী ‌‌‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যার জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডাদেশ, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানা করা হতে পারে।

সেসময় ফ্লয়েড বারবারই ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও তা মন গলাতে পারেনি তাকে আটক করা পুলিশ সদস্যদের। ওই ঘটনায় ফ্লয়েডের মৃত্যুর পর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।

সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে জুরি প্যানেল রায়ের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে একটি হোটেলে বাইরের যোগাযোগ  থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকেন।

সর্বসম্মত সিদ্ধান্তে না আসার আগে জুরি সদ্যরা বের হতে পারবে না বলে আগেই বলে দেওয়া হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালতের বাইরে কয়েকশ মানুষ বিজয়োল্লাসে মেতে উঠেন। তারা বলেন, ফ্রয়েডের পরিবার সঠিক বিচার পেয়েছেন। ভবিষ্যতে আর কাউকে যেন ’ফ্রয়েড’ হতে না হয়।

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই রায় ‘যুগান্তকারী’। এক টুইটে তিনি বলেন, ‘অনেক বেদনার বিনিময়ে অর্জিত বিচার অবশেষে অর্জিত হলো। আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির প্রয়োজনীয়তার ক্ষেত্রে এটা স্পষ্ট বার্তা।”

 

Exit mobile version