সন্ধান২৪.কম : করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য জাতিসংঘের একটি সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ সেপ্টেম্ব বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় প্রধানমন্ত্রীর গণভবন থেকে ওই অনুষ্ঠানে যুক্ত হবেন। আগামী ১ অক্টোবর পর্যন্ত মোট সাতটি অনুষ্ঠানে ঢাকা থেকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এদিকে, সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রোহিঙ্গা বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। বক্তব্যে কোভিড-১৯, রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন, লিঙ্গবৈষম্য হ্রাস, অভিবাসী শ্রমিকদের অধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী একদিকে যেমন কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের বিষয়ে আলোকপাত করতে পারবেন, তেমনি এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য ও অগ্রগতি, নারী উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অনুসরণীয় কার্যক্রম, দারিদ্র্য বিমোচনে গৃহীত নানাবিধ পদক্ষেপ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমন ও মাদকের বিস্তার রোধ, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখা- সর্বোপরি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের বিষয়ে বিশ্ববাসীকে অবহিত করতে পারবেন।
