প্রতিনিধি, যুক্তরাষ্ট্র ঃ ইউনেস্কো সদর দপ্তরে ৫ মার্চ স্থানীয় সময় সকাল ১০ টায় বাংলাদেশ দূতাবাস, প্যারিস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন কর্তৃক প্রকাশিত “The Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman: A World Documentary Heritage” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবী, রুশ ও চীনা ভাষাভাষী ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিগণ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

প্রকাশিত এ গ্রন্থে বাংলাদেশের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বিশেষ বাণী অন্তর্ভুক্ত রয়েছে। যৌথভাবে “The Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman: A World Documentary Heritage” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ইউনেস্কোতে নিযুক্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভোরি কোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ তাঁর স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল মূলত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এ ভাষণ দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি যৌথভাবে এ গ্রন্থ উন্মোচন, ভাষণ অনুবাদ এবং প্রকাশনার জন্য অংশগ্রহণকারী সকল দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত সকল রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিগণ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সফল নেতৃত্ব প্রদানে এবং বাংলাদেশের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন এবং এ গুরুত্বপূর্ণ প্রকাশনার জন্য ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের এ উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা এ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বিশ্বময় ছড়িয়ে দেয়ার জন্য এ প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশ দূতাবাস, প্যারিস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে গৃহীত তিন দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আজ ছিল প্রথম দিন। আগামী ৭ মার্চ দূতাবাসে এবং ৯ মার্চ ইউনেস্কো এর সাথে যৌথ উদ্যোগে দুইটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে এ ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো এর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই প্রথম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘের সকল দাপ্তরিক ভাষায় অনুদিত হল।


