জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে আইজিপি বেনজীর আহমেদ


সন্ধান২৪.কমঃ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সকালে নিউইয়র্কে পৌঁছেছেন আইজিপি বেনজীর আহমেদ। ‘ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিটে’ (ইউএনকপস) অংশ নিতে এসেছেন আইজিপি বেনজীর আহমেদ।

১ সেপ্টেম্বর সন্ধায় তাকে নাগরিক সম্বর্ধনা দেয়া হবে। নিউইয়র্ক নাগরিক সম্বর্ধনা কমিটি উডসাইডের গুলশান টেরেসে আইজিপি বেনজীর আহমেদকে সম্বর্ধনা দেয়া উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করেছে।

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের সফর নিয়ে শুরুতে নানা রকম সংশয় থাকলেও ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু আইজিপির ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সদর দপ্তর ৩১ আগস্ট (বুধবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে নিউইয়র্কে গেছেন পুলিশ প্রধান।
“সেখানে তিনি ‘ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিটে’ (ইউএনকপস) অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়েরর নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তিনি মতবিনিময় করবেন।”
বাংলাদেশের পুলিশ প্রধান যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল,আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গেলেও আইজিপি আলাদাভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছান। জাতিসংঘ সদর দপ্তরে আজ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলনে তিনি অংশ নেবেন।

Exit mobile version