সন্ধান২৪.কম: গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি‘র সমাবেশে গ্রেপ্তার, মারামারি, হেনস্তা ও গণধোলাইয়ের ঘটনা ঘটেছে।
বিএনপির শান্তি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ কর্মীর ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। বিকেল ৩টার দিকে দেশটির স্থানীয় সময়ে হামলার এ ঘটনা ঘটে।
বিএনপির কর্মী গ্রেপ্তার :

জানা যায়, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এ সময় ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়ার সঙ্গে রিয়াজ রহমানের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সামাজিক গণমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত নিউইয়র্ক পুলিশ রিয়াজ রহমানকে মাটিতে ফেলে হাতকড়া লাগায়।


হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী বলে জানা গেছে।
জিআই রাসেলের উপর হামলা :

এদিকে ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিআই রাসেল ভুল করে বিএনপির নির্ধারিত জায়গায় ঢুকে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।

তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে । সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জি আই রাসেলকে বলতে শোনা যায়,তিনি বাংলাদেশের পতাকা দেখে আওয়ামী লীগের সমাবেশ মনে করে । তার পর তিনি দেখতে পান সেটি বিএনপির সমাবেশ। ততক্ষণে বিএনপির সমর্থকরা তার উপর আক্রমণ করে।
আনোয়ার হোসেন খোকন হেনস্থা :

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বাণিজ্যের জেরে জাতিসংঘের সামনে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন নেতাকর্মীদের হাতে কয়েক দফা হেনস্তা হয়েছেন।


জেএফকে-তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিড়ম্বনায় পড়তে হয়। এই ঘটনার ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে জাতিসংঘের সামনে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে বিএনপির কর্মীরাই হেনস্থা করেছে। এ সময় ক্ষুব্ধ বিএনপির কর্মীরা আনোয়ার হোসেন খোকনকে অবাঞ্চিত এবং যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে প্রতিরোধের ঘোষনা করেন।


