সন্ধান২৪.কম : কুয়েতে আটক সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল কুয়েতের সরকারি কৌঁসুলিদের জিজ্ঞাসাবাদের মুখে নিজেকে নির্দোষ ও সৎ দাবি করেছেন । উল্টো কুয়েতের কর্মকর্তাদেরই অসৎ দাবি করেছেন, বিভিন্ন সময়ে ব্যবসা টিকিয়ে রাখতে তাকে ঘুষ দিতে হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
এদিকে প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানায়, এমপি পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে অনেক ব্যক্তি জড়িত। এদের সবার অপরাধ ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য অনেক সময়ের প্রয়োজন। তথ্য-প্রমাণ পাওয়ার পর অভিযুক্তদের নাম ফৌজদারি আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ৬ জুন মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী পাপুলকে গ্রেফতার করে কুয়েতের সিআইডির সদস্যরা। গ্রেফতার করা হয়েছে তার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তার ঘনিষ্ঠ হিসেবে মুর্তজা মামুনকে। পাপুলের বিরুদ্ধে আগামী ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের কথা রয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার পাঁচ থেকে ১৫ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। ইতিমধ্যে কাজী পাপুল ও তার কোম্পানির ব্যাংক হিসাবে থাকা প্রায় ১৩৭ কোটি ৫০ লাখ টাকা জব্দ করা হয়েছে।


