জ্যামাইকায় ‘শান্তির বাংলাদেশ’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী

সন্ধান২৪.কম: ২১ সেপ্টেম্বর জামাইকা কুইন্স সেন্টারে ‘শান্তির বাংলাদেশ’ শিরোনামে এক দিনের একক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়।
প্রদর্শনীতে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের ২০টি আলোকচিত্র স্থান পায়। এটি যৌথভাবে আয়োজন করে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দ্য ইউএসএ (ইউএনএ-ইউএসএ), এলহাম একাডেমি, নিউ ইয়র্ক এবং সেভ দ্য পিপল। সহায়তায় ছিল যুক্তরাষ্ট্রের পিস সেন্টার।
বিকেলে জামাইকা কুইন্স সেন্টারের এলহাম একাডেমির প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন রিপাবলিকান কংগ্রেস নেতা পল কিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি আলোকচিত্রী তানভীর হাসান রোহান, ইউএনএ-ইউএসএ কুইন্স অধ্যায়ের আউটরিচ কো-অর্ডিনেটর ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. মাসুদুল হাসান, সোহারাব সরকার, মিয়ামি খতিব আবদুল হাকিম আল আজাদি, লেখক মুক্তি জহির এবং জহির ইসলাম।

বাংলাদেশের সৌন্দর্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মোস্তাফিজুর রহমান। এই প্রদর্শনী ছিল সেই ধারাবাহিকতারই প্রকাশ। সৌন্দর্যের পাশাপাশি শান্তির সহাবস্থান প্রদর্শনীটিকে ভিন্নমাত্রা দিয়েছে। প্রাকৃতিক দৃশ্য থেকে বাংলাদেশর মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিষয়ে ইতিবাচক অবস্থান তুলে ধরেছে।
আলোকচিত্রী তানভীর হাসান রোহান বলেন, মোস্তাফিজুর রহমানের আলোকচিত্রের মাধ্যমে, আপনারা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র, ধর্মীয় সম্প্রীতি এবং দেশের সৌন্দর্য সর্বোত্তমভাবে প্রত্যক্ষ করেছেন।
সমাপনী বক্তব্যে মোস্তাফিজুর রহমান প্রদর্শনী আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এমন আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন যা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রচারে সহায়ক এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের প্রতি গভীর অনুপ্রেরণা দেয়।

 

Exit mobile version