আগেরদিন স্থগিত করা হয়েছে ২০২২ এশিয়ান গেমস। তবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শনিবার শুরু হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে।
জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় বাংলাদেশ। ১০ মিনিটে সারোয়ার হোসেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করেন (১-০)। ২৪ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর খিসা (২-০)। ৪০ মিনিটে পিসি থেকে সান্দেরার গোলে লিড কমায় ইন্দোনেশিয়া (১-২)।
পরের মিনিটে ফজলে রাব্বির ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ (৩-১)। মাস দেড়েক আগে জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচসেরা হন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম। মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপের অপর দল সিঙ্গাপুর।


