শুধু নিউইয়র্ক নয়, পুরো যুক্তরাষ্ট্রের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান টাইমস স্কয়ার। নিউইয়র্কের এই প্রাণকেন্দ্রে প্রথমবারের মতো গতকাল ২ এপ্রিল তারাবি নামাজ আদায় করা হয়েছে। ওই এলাকায় থাকা বিভিন্ন শ্রেণির কর্মচারী ও সাধারণ মানুষ এতে অংশ নিয়েছেন।
আয়োজকরা বলছেন, মুসলমান এবং ইসলাম নিয়ে অনেকের মধ্যে যে ভুল ধারণা আছে, সেটা ভেঙে দিতেই এমন খোলা জায়গায় নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
বিশেষ করে, নাইন ইলেভেনের হামলার পর ইসলাম ও মুসলমানদের প্রতি নিউইয়র্কবাসীদের একটি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। সেটা ধীরে ধীরে কাটলেও অনেকে এখনো সেই মনোভাব পোষণ করেন। এভাবে তারাবিহ আদায় সেটা ভাঙতে সহায়তা করবে।
আরেকটি বিষয় হলো, টাইমস স্কয়ারের মতো বাণিজ্যিক এবং ব্যস্ততম একটি স্থানে প্রচুর কর্মজীবী থাকেন। এই তারাবিহ আয়োজনের ফলে তারা নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন। এর আগে যা সম্ভব ছিল না।
টাইমস স্কয়ারের ইতিহাসে প্রথমবারের মতো তারাবি নামাজের এমন আয়োজনে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। এমন উদ্যোগ নেওয়ার জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।


