সন্ধান২৪.কম : ২০২০ সালের ‘প্রভাবশালী একশো’র তালিকা প্রকাশ করেছে মার্কিন পত্রিকা ‘টাইম’। তালিকায় ঢুকে পড়েছেন ভারতের দিল্লির শাহিনবাগ আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, ৮২ বছরের বিলকিস । টাইমের ‘আইকন’ বিভাগে রয়েছে তাঁর নাম।
ভারতের রাজধানী দিল্লির শাহিনবাগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার আন্দোলনকারীদের মধ্যে পরিচিত মুখ ৮২ বছর বয়সী বিলকিস। সম্প্রতি টাইম ম্যাগাজিনে বিশ্বের যে ১০০ প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে সেখানে আছে বিলকিসের নাম। এত রাশভারী মানুষের মধ্যে বিলকিস কীভাবে নিজের জায়গা করে নিলেন সেই গল্প নিয়ে সম্প্রতি স্ক্রলডটইন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

শাহিনবাগে আন্দোলন করা কয়েক হাজার নারীর মধ্যে একজন বিলকিস। মোদি সরকারের আমলে নিয়মতান্ত্রিকভাবে মানুষের বাকস্বাধীনতা রোধের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে কণ্ঠস্বর তোলা বিক্ষোভকারীদের একজন তিনি। ৮২ বছর বয়সী বিলকিস দিনের পর দিন শাহিনবাগে থেকে শিক্ষার্থী-অধিকারকর্মীদের সাহস জুগিয়েছেন। সাংবাদিক রানা আইয়ুবকে তিনি বলেন, ‘আমার ধমনীতে রক্ত প্রবাহিত বন্ধ হওয়ার আগপর্যন্ত আমি এখানে বসে থাকব, যাতে এ দেশের সন্তানরা ন্যায়বিচার ও সাম্যতা পায়।’
হাজার হাজার মানুয গত বছর ডিসেম্বর থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দক্ষিণ দিল্লির শাহিন বাগে আন্দোলনে বসেছিলেন । তাঁদের মধ্যে ছিলেন অশীতিপর বিলকিসও। প্রতিদিন সকাল আটটায় গিয়ে বসতেন বিক্ষোভকারীদের সঙ্গে, থাকতেন মাঝরাত পর্যন্ত। হয়ে ওঠেন সকলের ‘দাদি’, আন্দোলনকারীদের, দেশ-বিদেশ থেকে শাহিন বাগে আসা সাংবাদিকদেরও।
তেমনই এক সাংবাদিক মার্কিন পত্রিকাটিতে লিখেছেন বিলকিস সম্পর্কে। সেই সাংবাদিকের কথায়, ‘‘প্রথম যে দিন বিলকিসকে দেখি, কমবয়সিদের ভিড়ে বসেছিলেন তিনি। এক হাতে জপের মালা, অন্য হাতে জাতীয় পতাকা। দেশের প্রান্তিক মানুষের প্রতিবাদী স্বরের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি।’’ এই সাংবাদিককে বিলকিস বলেছিলেন, ‘‘যত ক্ষণ আমার ধমনী দিয়ে রক্ত চলাচল করবে, এখানে বসে থাকব আমি। যাতে এই দেশের সন্তানেরা ন্যায় ও সাম্যের হাওয়ায় নিঃশ্বাস নিতে পারে।’’
বিলকিসের প্রতিবাদ যাঁর সরকারের আনা আইনের বিরুদ্ধে, সেই নরেন্দ্র মোদীও রয়েছেন ‘টাইম’-এর তালিকায়— ‘লিডার’ বিভাগে। সঙ্গী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রাজিলের প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারোর মতো রাষ্ট্রনেতা।
প্রসঙ্গত, ১০১ দিন ধরে চলা শাহিন বাগ আন্দোলন ২৪ মার্চ তুলে দেয় অমিত শাহের দিল্লি পুলিশ, করোনা সংক্রমণ রোখার কারণ দর্শিয়ে।


