টাইম প্রচ্ছদে করোনা–‌শোক

সন্ধান২৪.কম : এই নিয়ে দ্বিতীয় বার বিখ্যাত টাইম পত্রিকার ইতিহাসে প্রচ্ছদের ছবিটির চারদিকে দেওয়া হল কালো বর্ডার। এর আগে একবারই, ৯/‌১১ নাশকতার পর, আগুন–ধরে–‌যাওয়া, ভাঙতে–‌থাকা টুইন টাওয়ারের ছবি দিয়ে যে–‌প্রচ্ছদ হয়েছিল, তার চারপাশ মুড়ে দেওয়া হয়েছিল কালো রঙে। দু’লক্ষ মানুষ মারা গেছেন ২৯ ফেব্রুয়ারি, সে–‌দেশে প্রথম নথিভুক্ত কোভিড–‌মৃত্যুর পর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত, ১৯৩ দিনে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তপাত, প্রাণহানির থেকেও ভয়ঙ্কর হিসেবে মার্কিন ইতিহাসে চিহ্নিত হয়ে আছে যে ‌জঙ্গি হামলা। কিন্তু সেই মানবিক বিপর্যয়কেও বুঝি ছাপিয়ে গেছে কোভিড–‌১৯ ভাইরাসে আক্রান্ত আমেরিকার পরিস্থিতি। মৃতের সংখ্যার বিচারে তো বটেই। জন্‌স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের থেকে পাওয়া সেই তথ্য–পরিসংখ্যানই এবারের টাইম পত্রিকার প্রচ্ছদের কেন্দ্রীয় বিষয়, যা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর। তবে এর মধ্যেও একটাই আশার খবর। করোনায় আক্রান্ত হওয়ার পরও সেরে ওঠার হার ক্রমশ বাড়ছে আমেরিকায়।

 

Exit mobile version