টিকা না নেওয়ায় নিউইয়র্কে চাকরি হারাচ্ছেন ৩ হাজার কর্মী

সন্ধান ২৪.কম:

 

নির্ধারিত সময়ের মধ্যে করোনাভাইরাসের টিকা না নেওয়ায় চাকরি হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রায় তিন হাজার কর্মী। চাকরিচ্যুত হতে যাওয়া এসব নাগরিকের মধ্যে শিক্ষক ও অগ্নিনির্বাপক কর্মী ছাড়া নিউইয়র্ক শহরের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মীরাও রয়েছেন। খবর বিবিসির।

গত শুক্রবারের মধ্যে এসব নাগরিককে টিকা নিতে বলেছিল নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ। ওই দিনের মধ্যে তাঁরা যদি টিকা দেওয়ার প্রমাণ জমা দিতে ব্যর্থ হন, তাহলে তাঁদের পদ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। নিউইয়র্ক শহরে গত বছর টিকা নেওয়ার এই নিয়ম চালু করা হয়। শহরের ৯৫ শতাংশের বেশি চাকরিজীবী এই নিয়ম মেনে চললেও কিছু অংশ তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হচ্ছে বলে দাবি করে টিকা নেওয়ার নিয়ম মানছেন না। তারা নিয়মটি চালুর পর থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন।

তবে শহরের বর্তমান মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তিনি এই নিয়ম পরিবর্তন করবেন না। চাকরিচ্যুতির বিষয়ে তিনি বলেন, সিটি কর্তৃপক্ষ কর্মচারীদের বরখাস্ত করছে তা নয়, বরং কর্মীরা নিয়ম না মেনে ‘পদত্যাগ’ করছেন। বিবিসি জানিয়েছে, শুক্রবারের জন্য (সর্বশেষ চাকরিচ্যুতির ঘটনা) আরও বিক্ষোভের পরিকল্পনা করছেন বিরোধীরা। পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করেছেন তাঁরা।

করোনা মহামারি শুরুর পর থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই টিকা নেওয়ার ওপর জোর দিয়েছেন। তাঁরা বলছেন, টিকা গ্রহণই করোনা সংক্রমণ থেকে রক্ষার সবচেয়ে নিরাপদ উপায়। ফলে টিকা আবিষ্কারের পর নিউইয়র্ক শহরের পাশাপাশি সান ফ্রান্সিসকো, বোস্টন ও শিকাগোর মতো বড় শহর কিংবা রাজ্যগুলোয় টিকা নেওয়ার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়।

Exit mobile version