সন্ধান২৪.কমঃ করোনার দ্বিতীয় ঢেউ কাঁপিয়ে দিয়েছে ভারতকে। প্রতিদিনই রেকর্ড হচ্ছে মৃত্যুর সংখ্যাতেও। সঙ্গত কারণেই বছরের শেষ দিকে ভারতের মাটিতে আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছে।
আইসিসিও জানিয়েছিল, প্রয়োজনে বিকল্প ভেন্যু ঠিক করা হবে। সম্প্রতি করোনার প্রকোপ বাড়ায় বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকেও। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশে সম্ভব না হলে আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজন করা হবে।
বিবিসিকে বিসিসিআইয়ের গেম ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ভেন্যু নিয়ে তাদের বিকল্প ভাবনাও আছে। তিনি বলেন, ‘এটা (টি-২০ বিশ্বকাপ) হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। আমরা আশা করছি, বিসিসিআই এটা আয়োজন করবে। তাই আসরটি সেখানে নিয়ে গেলেও তা বিসিসিআইয়ের আয়োজনেই হবে।’
ধিরাজ বলেন, ‘আমি কেবলই টুর্নামেন্টের এক জন পরিচালকের দায়িত্ব পেয়েছি। ভারতে আসরটি আয়োজন নিশ্চিত করতে সব কিছু করব। আমাদের সামনে স্বাভাবিক অবস্থা, কোভিড অবস্থা এবং খুব খারাপ পরিস্থিতি আসতে পারে, তাই সবরকম পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা আইসিসির সঙ্গে কথা বলছি।’ করোনা ভাইরাসের কারণে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হয়নি টি-২০ বিশ্বকাপ। দুই বছর পিছিয়ে ঐ আসরটি হবে ২০২২ সালে। এবার করোনার ধাক্কায় ভারতকেও বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে।
