‘টেস্টে আমাদের আরও অনেক দূর যেতে হবে’

ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ে সক্ষম বাংলাদেশ দল। কিন্তু টেস্টের আদি ফরম্যাটে ২২ বছর ধরে খেলেও সাদা পোশাকের ক্রিকেটটা সেভাবে রপ্ত করতে পারেননি টাইগাররা। টেস্টে আরও অনেক দূর এগোতে হবে বললেন বিসিবি সভাপতি।

শুক্রবার সকালে কক্সবাজার যাওয়ার পথে হেলিকপ্টারে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নামেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান বলেন, টেস্টে আমরা এতটা ভালো দল না। আমরা যে সব ফরম্যাটে ভালো করছি এমন নয়। ওডিআইতে আল্লাহর রহমতে ভালো করছি। কিন্তু টেস্টে অনেক দূর যেতে হবে।

তিনি আরও বলেন, আগে কয়টা টেস্ট খেলতাম আমরা? বছরে একটা টেস্টও পেতাম কিনা সন্দেহ। এখন টানা খেলা। এত খেলা খেলোয়াড়দের ওপর চাপ পড়ে। যারা সিনিয়র, তাদের জন্য কষ্টকর। তারা তো ব্রেক পাচ্ছে না।

চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। তাদের পরিবর্তে সুযোগ পাওয়া নতুনদের জন্য বড় সুযোগ বলছেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, তাসকিনকে পাচ্ছি না। সে অন্যতম সেরা ফাস্ট বোলার। মিরাজও নেই। তাই কিছুটা সমস্যা তো হবেই। তবে নতুন খেলোয়াড়দের জন্য এটা একটা বিরাট সুযোগ। তারা যেন ভালো খেলতে পারে- এটাই আশা করছি।

Exit mobile version