সন্ধান২৪.কম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটের মুখে ফের বিস্কোরক মন্তব্য করে বসলেন । ডাক-যোগে ভোট নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন। এমনকি এ ভাবে প্রেসিডেন্ট নির্বাচন হলে ভোট-জালিয়াতি হতে পারে বলে ডেমোক্র্যাটদের দিকে আঙুলও তুলেছিলেন ট্রাম্প। কিন্তু তাঁর কোনও আপত্তিই ধোপে টেকেনি। এ বার তাই কার্যত মরিয়া হয়েই তাঁকে কাউন্সিল অব ন্যাশনাল পলিসির বলতে শোনা গেল, ভোট হবে, কিন্তু ভোটের ফল হয়তো কোনও দিনই বেরোবে না !
সেখানে বক্তৃতা দিতে গিয়ে কাল ট্রাম্প বলেন, ‘‘ভোটের দিনই ফল ঘোষণার যে রেওয়াজ রয়েছে, এ বার তা সম্ভব নয়। আমার তো মনে হয়, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসও কেটে যেতে পারে। হয়তো কোনও দিন জানতেই পারবেন না, কে জিতলেন!’’
বেশ কিছু দিন আগে করোনা-ত্রাসের আবহে একটা সময়ে ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। বিশেষজ্ঞদের একাংশের দাবি, জনপ্রিয়তার নিরিখে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে থাকার কারণেই চাপে পড়ে এমন প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তাঁর সেই প্রস্তাবে আমল দেয়নি বিরোধী শিবির। ভোট হচ্ছে নির্ধারিত ৩ নভেম্বরেই।
করোনার আবহে এ বার অন্তত ৫ কোটি মার্কিন নাগরিক ডাক-যোগে ব্যালট পেপারে ভোট দেবেন। ট্রাম্পের দাবি, এই ভোট গণনাতেই দীর্ঘ সময় কেটে যাবে। পাশাপাশি, এই ভোটে কারচুপি এবং ফল ঘোষণাকে চ্যালেঞ্জ করে আইনি মামলাও প্রেসিডেন্ট নির্বাচনের পুরো প্রক্রিয়াকে অনেক বেশি দীর্ঘায়িত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই ট্রাম্পের দাবি অমূলক নয় বলেও দাবি বিশেষজ্ঞদের একাংশের।
