ট্রাম্প-বাইডেন শেষ বিতর্কে থাকছে ‘মিউট বাটন’

সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ বিতর্কে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় দুই প্রেসিডেন্ট প্রার্থীকে বাধাহীনভাবে কথা বলার সুযোগ দিতে ‘মিউট বাটন’ রাখা হয়েছে । এতে করে একজনের কথা বলার মধ্যে অপর জনের কথা শোনা যাবে না।

৩ নভেম্বরের ভোটের আগে টেনেসির ন্যাশভিলে হতে যাওয়া এ বিতর্ক দুই প্রার্থীর জন্যই বিপুল সংখ্যক ভোটারের কাছে পৌঁছানোর শেষ সুযোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচনকে ঘিরে আয়োজিত প্রথম বিতর্কে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী একে অপরের কথায় বাধা দিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করেছিলেন তা এড়াতেই এবার এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। রিপাবলিকান শিবির এ পরিবর্তন নিয়ে আপত্তি জানালেও বৃহস্পতিবার রাতের এ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অংশ নেবেন বলে নিশ্চিত করেছে।

গত মাসের প্রথম বিতর্কে ট্রাম্প ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও সঞ্চালকের কথার মাঝখানে কথা বলে হট্টগোল বাধিয়েছিলেন।

এবারের বিতর্কে প্রতিটি ১৫ মিনিট পর্বের শুরুতে দুই প্রার্থীকে ২ মিনিট করে সূচনা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। সেসময় তারা যেন বাধাহীনভাবে কথা বলতে পারেন, সেজন্য মিউট বাটন ব্যবহার করে অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সূচনা বক্তব্যের পর একে একে দুই প্রার্থীর মাইক্রোফোন অন করে দেওয়া হবে, যেন তারা কথা বলতে পারেন।

দুই প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি শেষ বিতর্কের আগেই অবশ্য যুক্তরাষ্ট্রের তিন কোটিরও বেশি ভোটার আগেভাগেই তাদের ভোট দিয়ে দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে ৩ নভেম্বর ভোটের দিন ভিড় এড়াতে আরও কয়েকটি রাজ্য আগামী কয়েকদিনের মধ্যে আগাম ভোটের কেন্দ্র খুলবে, সেক্ষেত্রে আগাম ভোটের পরিমাণ আরও বাড়বে।

এক ফ্লোরিডাতেই ডাকযোগে ২৫ লাখের বেশি ভোট পড়েছে, আগাম ভোটের প্রথম দিনেও রাজ্যটির কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

 

 

Exit mobile version