‘তামিমকে বিশ্বকাপে খেলানো হবে কঠিন’

বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে তাকে ছাড়া ওপেনিংয়ের কথা এখনো ভাবা যায় না।

আর সেই তামিম টি-টোয়েন্টিতে অনুপস্থিত। ২০২০ সালের মার্চের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি তিনি।

স্কোয়াডে রাখার পরও গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

প্রশ্ন উঠেছে, আগামী অক্টোবরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কি তামিম? নাকি এবারও নিজেকে সরিয়ে নেবেন? বা স্কোয়াডেই রাখা হবে না ওয়ানডে দলের অধিনায়ককে।

এ প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তামিমকে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে ইঙ্গিত দিলেন তিনি।

এর কারণ তামিম নিজেই। চলতি বছরের জানুয়ারিতে বিপিএল চলাকালীন ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে ৬ মাসের জন্য বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। যা শেষ হবে জুলাইয়ের শেষভাগে। আর সেজন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমকে পাওয়া কঠিন বলে জানালেন জালাল ইউনুস।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘তামিম ইকবাল অন্যতম সিনিয়র ক্রিকেটার। ও নিজের অবস্থান নিজেই ভালো বুঝে। এ (বিরতি ভেঙে ফেরা) নিয়ে তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে আমাদের। সে আপনাদের কাছে বলেছে তার পরিকল্পনা, এরপর আমাদের কিছু বলার আছে?’

বর্তমান অবস্থায় তামিমকে বিশ্বকাপ দলে রাখা কঠিন হবে জানিয়ে জালাল আরও বলেন, ‘(বিরতির) ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কী না এটা তার মুখ থেকে শুনবেন। আমি সেটা বলতে পারছি না। তবে এটা (বিশ্বকাপে খেলানো) মনে হয় কঠিন।’

Exit mobile version