সন্ধান২৪.কমঃ মঙ্গলবার (১ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন আদালত।
আদালত আবার আগামী বছরের ৫ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন । দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবাইদা রহমান।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।
ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এরপর গত ১৩ এপ্রিল দুর্নীতি মামলা চলবে বলে রায় দেন আপিল বিভাগ। চলতি বছরের ১ জুন যা লিখিত আকারে প্রকাশ হয়।
এই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


