Published by: Anwesha Adhikary | Posted: August 28, 2022 6:11 pm| Updated: August 28, 2022 6:11 pm
সন্ধান ডেস্ক: আফগানিস্তানে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছিল তালিবানের হাতে কাবুলের পতনের পরেই । তালিব শাসনের এক বছর পরে তালিব শাসকরা দেশের কয়েকটি সিনেমা হল খোলার অনুমতি দিল । তবে মহিলাদের সিনেমায় অভিনয় করার অনুমতি দেয়নি তালিবান। তাই সিনেমা হল খোলার আনন্দের মাঝেও সামনে উঠে এসেছে নারীদের অধিকারের বিষয়টি। পরিসংখ্যান বলছে, ৩৭টি সিনেমার মধ্যে মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন একজন অভিনেত্রী।
জানা গিয়েছে, খুব তাড়াতাড়িই আফগানিস্তানের কয়েকটি সিনেমা হল খুলে দেওয়া হবে। সেখানে মোট ৩৭টি ছবি দেখানো হবে। তার মধ্যে কাল্পনিক ছবির সঙ্গেই তথ্যচিত্রও রয়েছে। কাল্পনিক ছবিগুলিতেও অভিনয় করার অনুমতি পাননি আফগান নারীরা। একমাত্র আতিফা মহম্মদি নামে এক মহিলা ছবিতে অভিনয় করতে পেরেছেন। সেই প্রসঙ্গে কাবুলের এক বাসিন্দা জানিয়েছেন, “মহিলাদের অভিনয় করার পূর্ণ অধিকার রয়েছে। তাঁদের আটকে রাখা একেবারেই উচিৎ নয়। তাছাড়া মহিলা চরিত্র না থাকলে একটি সিনেমাও অসম্পূর্ণ থেকে যায়।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই মেয়েদের জন্য নয়া ফতোয়া জারি করেছিল তালিবান। বলা হয়েছিল, দরকার ছাড়া যেন মেয়েরা বাড়ি থেকে না বেরন। যদি বেরতেই হয় তাহলে বোরখা এবং হিজাব পরে রাস্তায় বেরতে হবে। মেয়েদের জন্য স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি তালিবান। উলটে প্রায় সমস্ত চাকরি থেকেই মহিলাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নারী কল্যাণ মন্ত্রককে বাতিল করে দেওয়া হয়েছে। সবমিলিয়ে তালিবান জমানায় মহিলাদের অবস্থা একেবারে শোচনীয়।


