সন্ধান২৪.কম : দেড়–দু বছর ধরে বর্ণবৈষম্যের যে ধিকিধিকি আগুন জ্বলছিল, তাতে ঘি ঢেলে সাউথ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএসিসিওসি) হঠাৎই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সব পদাধিকারীকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। সিইও কুগ্যান্ড্রি গভেন্ডার ও সিএফও–কে সরতে বলা হয়েছে। এসকেসিসিওসি–র একটি টাস্ক টিম ক্রিকেট সাউথ আফ্রিকার কাজকর্মের তদন্ত করবে। এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ২১ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনের কালো দিন আবার যেন ফিরে আসছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে আবার কালো দিন কি ফিরে আসছে? নেলসন ম্যান্ডেলার দেশে আবার সাদা ও কালোর ভেদাভেদ মাথা চাড়া দিয়ে উঠছে। পরিস্থিতি এতটাই জটিল যে কুইন্টন ডি ককরা জানেন না, তাঁদের ভবিষ্যৎ। ঘরোয়া ক্রিকেটের সূচিও জানানো হয়নি। ২১ বছর নির্বাসনে থাকার সময় যিনি দেশের ক্রিকেটের প্রদীপকে জ্বালিয়ে রাখার চেষ্টা করেছিলেন, সেই আলি বাখার জোহান্সবার্গের বাড়ি থেকে জানালেন, ‘দুঃখের বিষয়। আমাদের অলিম্পিক কমিটি এখন ক্রিকেটের তদন্ত করছে। কিন্তু কতজন জানেন, অলিম্পিক কমিটির এখন কোনও অস্তিত্বই নেই। ২ বছর আগে এই কমিটির বিরুদ্ধে তদন্তে নেমেছিল সরকার। সেই তদন্ত কমিটিতে আমিও ছিলাম। তারাই এখন দেশের ক্রিকেটে তদন্ত করবে!’
ক্রিকেট কর্তারাও বলছেন, ‘আমরা এই সিদ্ধান্তের সঙ্গে এক মত নই। আইনজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছি।’ সপ্তাহের শেষে সিএসএ বোর্ড ও মেম্বার কাউন্সিল উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
