সন্ধান২৪.কম : শ্রীলঙ্কা সফর নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড পরিকল্পনামাফিক এগিয়ে নিচ্ছে প্রক্রিয়া। রোববার দুপুর থেকে শুরু হয়েছে জাতীয় দলের স্কিল ট্রেনিং। তবে গতকাল প্রথম দিনের ট্রেনিংয়ে ছিলেন না ১১ ক্রিকেটার। স্কিল ট্রেনিংয়ের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দুইজনের করোনা উপসর্গ রয়েছে। তাদের সংস্পর্শে এসেছেন আট ক্রিকেটার। এজন্য ১০ ক্রিকেটারকে একাডেমিতে আইসোলেশনে রাখা হয়েছে। আগে থেকেই আইসোলেশনে সাইফ হাসান।
১০ ক্রিকেটার ক্যাম্পে যোগ দেয়ার জন্য ঢাকার বাইরে থেকে এসেছেন । করোনা পরীক্ষায় প্রত্যেকে নেগেটিভ আসলেও দুইজনের করোনা উপসর্গ করেছে।তাদের সংস্পর্শে ছিলেন বাকি আটজন। বাড়তি সুরক্ষার কথা চিন্তা করে প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার ২৭ ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হবে। সেখানে নেগেটিভ আসলে সেই ১১ ক্রিকেটার পরদিন থেকে যোগ দিতে পারবেন অনুশীলনে।
মিরপুর হোম অব ক্রিকেটে যারা ঐচ্ছিক অনুশীলন করেছেন তারা গতকাল অনুশীলনে ছিলেন। ১৬ ক্রিকেটারের তালিকায় রয়েছেন মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম ও মিরাজরা। কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক, বোলিং কোচ ওটিস গিবসনরা পাখির চোখে ক্রিকেটারদের পরখ করেছেন। প্রত্যেকেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।


