দেশের বিরুদ্ধে বিএনপির লবিস্ট নিয়োগ রাষ্ট্রদ্রোহিতার শামিল’

সন্ধান ২৪.কম:‘সম্প্রতি বিএনপির অপরাজনীতির নিদর্শন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে। সেটা হলো দেশের টাকা পাচার করে বিদেশে লবিস্ট নিয়োগ করার যে আলামত বেড়িয়ে এসেছে সেটা খুবই নিকৃষ্টমানের রাজনীতি।’

বুধবার রাজধানীর আইপিএইচ স্কুল এ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথমত দেশের টাকা বিদেশে পাচার করা বেআইনি অপরাধ, তারপর সেই টাকা আবার দেশের বিরুদ্ধে ব্যবহার করা, দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা। আমি আশা করেছিলাম তারা রাষ্ট্র-সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বুঝে। আমি ব্যথিত হলেও বিস্মিত হইনি কারণ এটা তাদের পুরোনো অভ্যাস।

‘এর আগেও খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতে পারে কিন্তু দেশের বিরুদ্ধে তাদের এই গোপন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি মনে করি, তাদের এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

অনুষ্ঠানে মাইনুল হোসেন খান নিখিল বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। মনে রাখবেন কোনো ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনা মাথা নত করে না। কারণ শেখ হাসিনার পাশে আছে বাংলার মা, বাংলার বোন, বাংলার ভাই। জামায়াত-বিএনপির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার যুবসমাজ আজ ঐক্যবদ্ধ।

যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনআই আহমেদ সৈকত, কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।

Exit mobile version