সন্ধান২৪.কম : বাংলাদেশের প্রায় ১৫০টি উপজেলা এখন পানিতে ভাসছে। পুকুরের মাছ. জমির ফসল, স্কুল, বিদ্যুতের খুঁটি, রাস্তা-ঘাট সব পানির স্রোতে ভেসে যাচ্ছে। সেই সাথে বাড়ছে ত্রাণের জন্য মানুষের হাহাকার।
কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নওগাঁ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে। কুদ্দুস আলমের ক্যামেরায় বন্যার ছবি।

তারা বলছে, ব্রহ্মপুত্র-যমুনাসহ আশপাশের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে আগামী ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের উজানভূমি মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঢাকা জেলার আশপাশের নদীগুলোর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে, বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ে উলেস্নখযোগ্য বৃষ্টি হয়েছে নোয়াখালীতে ৭৬, কক্সবাজারে ৬৫ ও বরগুনায় ৫২ মিলিমিটার। একই সময়ে বাংলাদেশ সংলগ্ন ভারতের দার্জিলিংয়ে ৬৪ ও চেরাপুঞ্জিতে ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর- বরিশাল : বরিশালের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল স্রোতের মুখে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার বরিশালের পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জে নদীর ২ সেন্টিমিটার, ভোলার দৌলতখানে সুরমা-মেঘনা নদীর পানি ৪৯ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালি নদীর পানি ৭ সেন্টিমিটার, বেতাগীর বিষখালী নদীর পানি ৫ সেন্টিমিটার ও বামনার বিষখালী নদীর পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


