সন্ধান২৪.কম : টানা ২৭ ঘণ্টা অনশনের পর অসুস্থ হয়ে পড়েছেন, সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী ।

শুক্রবার রাতে ওই শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারী এই শিক্ষার্থী হাসানের সঙ্গেই ইসলামি স্টাডিজ বিভাগে পড়ছেন। একটি চিকিৎসক টিম রাতে ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক এজিএস ফাল্গুনী দাস তন্বী। তিনি বলেন, ‘আমরা তাকে খাবার গ্রহণের জন্য অনেক অনুরোধ করেছি। কিন্তু তিনি আসামিদের না ধরা পর্যন্ত আমরণ অনশন করতে সংকল্পবদ্ধ। টানা ২৭ ঘণ্টা না খেয়ে থাকার ফলে রাতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসক টিম এসে তাকে স্যালাইন দিয়েছে।’
গত ২১ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চরিত্রহননের অভিযোগে হাসান, নুর এবং তাদের চার সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেন এই ছাত্রী। ধর্ষণের মামলা দায়েরের দুই সপ্তাহ পরেও আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার রাত ৮টায় অনশনে বসেন ওই ছাত্রী।