সন্ধান ২৪.কম:ভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী মহেন্দ্র সিং ধোনির আনুগত্য হারানোর কারণেই আইপিএলের এবারের আসরে দল পাননি সুরেশ রায়না।
আইপিএলে দীর্ঘদিন ধরেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন সুরেশ রায়না। ভারতীয় এই তারকা ক্রিকেটার চেন্নাইয়ের তিনবারের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।
কিন্তু ২০২০ সালের আসরে করোনার কারণে আইপিএল গড়ায় সংযুক্ত আরব আমিরাতে। আমিরাতে আইপিএল খেলতে গিয়ে হোটেলে রুম পছন্দ না হওয়ায় অভিমান করে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফেরেন ভারতীয় এই তারকা অলরাউন্ডার।
অবশ্য পরের আসরে রায়নাকে দলে নেয় চেন্নাই। কিন্তু চোটের কারণে শেষদিকে কিছু ম্যাচ খেলতে পারেননি। এবার তাকে দলে নেয়নি চেন্নাই।
সংবাদ মাধ্যমে গুঞ্জন রয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এবার আর রায়নাকে নিলামে নেয়নি চেন্নাই।
চেন্নাই না নেওয়ায় রায়নাকে আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। যে কারণে নিলামের প্ৰথম দিনে অবিক্রীত থাকেন রায়না। দ্বিতীয় দিনেও তাকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় পুনরায় নিলামে নাম তোলা হয়নি রায়নার।
আইপিএলের ১৫তম আসরে রায়নাকে চেন্নাই কেনো নিল না, এ নিয়ে চলছে গুঞ্জন। এ ব্যাপারে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার সাইমন ডুল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পুরো ঘটনায় দুই তিনটি ব্যাপার রয়েছে। আইপিএলের আমিরশাহি পর্বে রায়না ধোনির আস্থা হারিয়ে ফেলেছিল।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া সাইমন ডুল আরও বলেন, ধোনি-রায়নার সম্পর্ক নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তাই রায়না যে শুধু দল নয়, ধোনির আনুগত্য হারিয়েছিল, তা স্পষ্ট। আর একবার এরকম ঘটলে চেন্নাই সুপার কিংস যে কাউকে দল থেকে ছেঁটে দিতে পারে সেটাও জানিয়ে রেখেছে। তাছাড়া রায়না পুরোপুরি ফিট নয়। শর্ট বলের ক্ষেত্রেও ওর দুর্বলতা রয়েছে।
