নরেন বিশ্বাসকে নিয়ে কণ্ঠশীলনের অনুষ্ঠান

সন্ধান২৪.কম :  বাকশিল্পাচার্য নরেন বিশ্বাসের জন্মদিনে কণ্ঠশীলন আয়োজন করে থাকে অনুষ্ঠান। একজন বিশিষ্ট সংস্কৃতিসেবীকে দেওয়া হয় নরেন বিশ্বাস পদক। কিন্তু এবার করোনাকালে সে অনুষ্ঠান হচ্ছে না। নরেন বিশ্বাসকে স্মরণ করা হচ্ছে ভিন্নভাবে।

১৬ নভেম্বর সোমবার রাত ৮.৩০টায় কণ্ঠশীলনের ফেসবুক পেজ থেকে এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে সরাসরি অনুষ্ঠানের।অনুষ্ঠানের শুরুতে নরেন বিশ্বাসের জীবনী নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। এরপর বিপ্লববালার প্রবর্তনায় থাকবে একটি প্রযোজনা ‘ফিরে চল আপনপানে’ নামে।

নরেন বিশ্বাসের পত্নী অঞ্জলি বিশ্বাসের ধারণকৃত কথামালা দিয়ে শেষ হবে অনুষ্ঠান। কণ্ঠশীলনের পক্ষ থেকে এই অনুষ্ঠান দেখবার জন্য সংস্কৃতিসেবীদের প্রতি অনুরোধ রাখা হলো।

নরেন বিশ্বাস ১৯৪৫ সালের ১৬ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও বাংলা উচ্চারণ নিয়ে রয়েছে তাঁর অনেক কাজ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি ভাষাচর্চাবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কণ্ঠশীলনের আবর্তনের তিনি ছিলেন একজন শিক্ষক। ১৯৯৮ সালের ২৭ নভেম্বর তিনি মারা যান।

 

Exit mobile version