সন্ধান২৪.কম ঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানসহ বাসাবাড়িতেও গানবাজনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল। যিনি চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা।
কাউন্সিলর হওয়ার পর পবিত্র ধর্মকে ব্যবহার করে ফায়দা লোটার জন্যই তিনি এই রকম একটি ঘোষনা দিয়েছেন বলে অনেকেই মত প্রকাশ করেছেন। কারণ হিসেবে অনেকেই বলেন, তার চাল-চলন,কতা-বার্তায় কোন শালিনতা নেই ।

আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের ইমামকে দিয়ে ঘোষণা দেওয়া হবে। তবে বিষয়টি জানেন না সিদ্ধিরগঞ্জ থানার ওসি।

এলাকাবাসীর সূত্র ও খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় অবস্থিত কাউন্সিলর শাহ্জালাল বাদলের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের বিভিন্ন মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি ও ওয়ার্ড উন্নয়ন কমিটির লোকজনও উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকায় গানবাজনার আয়োজনে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। আগামী শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকরের কথাও বলা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, কাউন্সিলরের উপস্থিতিতে এক ব্যক্তি বলছেন, বুধবার থেকে প্রতিটি মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও পঞ্চায়েত কমিটি বরাবর কাউন্সিলর কার্যালয় থেকে চিঠি ইস্যু করা হবে। আগামী শুক্রবারে গানবাজনা না করার ব্যাপারে জুমার নামাজেও যেন এই ব্যাপারে আলোচনা করা হয়। আগামী শনিবার থেকে এই এলাকায় গানবাজনা করা সম্পূর্ণ নিষেধ। এই মুসলমান সমাজে যাতে গানবাজনা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের কথা এলাকার প্রতিটি বাড়িওয়ালাকেও জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল জানান, ডিজে পার্টির নামে রাতে এলাকায় উচ্ছৃঙ্খল যুবকেরা বিভিন্ন দিবসে গানবাজনা করার কারণে মানুষের ক্ষতি হচ্ছে। রাতে এই ডিজে পার্টির কারণে বাগবিতণ্ডা থেকে কয়েক দিন আগে নূরবাগ এলাকার মসজিদের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ কারণে আমরা সবাই মিলে গানবাজনা বন্ধ রাখার বিষয়ে সভা থেকে একমত হয়েছি। ওই সভায় পঞ্চায়েত ও মসজিদ কমিটি সমর্থন জানিয়েছে। এ বিষয়ে আরো দুটি সভা হবে বলেও জানিয়েছেন কাউন্সিলর।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে রাষ্ট্র থেকে গানবাজনা নিষিদ্ধ করার কোনো আইন নেই। উনি (শাহজালাল বাদল) গানবাজনা নিষিদ্ধ করার কে? এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ডিসেম্বর মাসে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নে গান বাজনা নিষিদ্ধ করে এক ইউপি সদস্য মাইকিং করেছিলেন যেটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল।


