সন্ধান২৪.কম: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সামরিক হামলা ও গণহত্যা বন্ধ,বাংলাদেশে ৭২ সালের সংবিধান পূন:প্রতিষ্ঠা ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা চালু করার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্র উদীচী তাদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠানসূচীতে ছিল ছোটদের অংকন প্রতিযোগিতা, উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ১৯ বিকেলে ডউসাইডের কুইন্স মিলনায়তরে প্রদীপ প্রজ্জ্বলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা,মুক্তিযোদ্ধা শরাফ সরকার,ডাক্তার মাসুদুল হাসান প্রমূখ। এরপর সংগঠনের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা পর্বে অংশ গ্রহন করেন রথীন্দ্রনাথ রায়, লেখক ও সাহিত্যিক কুলদা রায়, লেখক ও প্রকাশক সাগর লোহানী ও কনসাল জেনারেল নাজমুল হুদা।
উদ্বোধনী পর্বের পর শোক ও নিন্দা প্রস্তাব পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক জাকির হোসেন বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যৌথভাবে সংগঠনের সাধারণ সম্পাদক আলীম উদ্দীন ও সাংস্কৃতিক সম্পাদক কারা রোজারিও ।

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পী রথীন্দ্রনাথ আজীবন বাংলা কৃষ্টি-সংস্কৃতিতে অবদান ও ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়।
প্রধান অতিথির ভাষণে রথীন্দ্রনাথ রায় বলেন, উদীচী গণমানুষের গান গাইবার অঙ্গীকার নিয়ে ১৯৬৮ সালে উদীচীর জন্ম নিয়েছিল। তার নেতৃত্বে ছিলেন দুই প্রথিতযশা শিল্পী সাহিত্যিক লেখক সাংবাদিক, উপমহাদেশের বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ঋতুতুল্য সাধক সত্যেন সেন ও রণেশ দাশগুপ্ত। তাদের হাতে গড়া উদীচী তাদের নীতি ও আদর্শকে লালন ও ধারণ করে আজ এক মহীরুহে পরিনত হয়েছে।

কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে উদীচীর ভূমিকা গর্ব করার মত।
সাগর লোহানী তার বক্তব্যে বলেন, উদীচী দীর্ঘদিন থেকে এই প্রবাসে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উদীচীকে দেশের মতো করে এখানে সংস্কৃতি চর্চা করলে হবে না।এখানকার পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি পৌঁছে দিতে হবে।
কুলদা রায় বলেন, দ্বিজাতি ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। শাসকগোষ্ঠী বাংলাকে হিন্দুর সংস্কৃতি ও ভাষা অভিহিত করে সাম্প্রদায়িক প্রলেপ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু বাঙালি ভাষা ও সংস্কৃতির ওপর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আক্রমণের বিরুদ্ধে উদীচী আন্দোলন সংগ্রাম করে আসছে।

সংগঠনের সভাপতি সুব্রত বিশ্বাস তার বক্তব্যে বলেন, স্বাভাবিক ভাবে উদীচীর যাত্রাপথ মোটেও মশৃণ ছিল না। বার বার প্রতিক্রিয়ার আঘাত এসেছে উদীচীর ওপর। যশোহরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলা হয়েছে। নেত্রকোনায় উদীচী অফিসে বোমা হামলা হয়। দুঃখের বিষয় আজ স্বাধীনতার নেতৃত্বদানকারী সরকার ক্ষমতায়। দুঃখজনক হলেও ২২ বছর যাবৎ উদীচী হত্যা বিচার হয়নি। তিনি বলেন, প্রতিক্রিয়াশীল চক্রের অত্যাচার নির্যাতন, রক্তচক্ষু উপেক্ষা করে উদীচী সত্যেন সেন, রণেশ দাশগুপ্তের নীতি আদর্শ ধারণ ও অনুসরণ করে এগিয়ে চলেছে। উদীচীর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত উদীচীর সংগ্রাম অব্যাহত থাকবে।
আলোচনা সভায় ভারতের ’পিপ্পা’ ছবিতে এ আর রহমান জাতীয় কবি নজরুলের কালজয়ী গান ’কারার ঐ লৌহ কপাট গানের সুরারোপ বিক্রত করার নিন্দা এবং ক্ষমা প্রার্থনার জন্য প্রযোজক ও গায়কের প্রতি আহ্বান জানানো হয়।

সাংস্কৃতিক পর্বে অংশ নেন বাফা, শিল্পকলা একাডেমী, বহ্নিশিখা, রবীন্দ্র একাডেমী, উদীচীর ব্রঙ্কস ও জ্যামাইকা শাখা, ধনজ্ঞয় সাহা, মৌ মধুবন্তি, আনন সাহা প্রমূখ।
শিশু কিশোরদের অংকন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলকারীদের পুরস্কৃত করা ছাড়াও সকল প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিশেষ সম্মাননা পদক দিয়ে সম্মানিত করা হয়।
শেষে উদীচী শিল্পীগোষ্ঠী এবং অতিথি সংগঠনের শিল্পীদের অংশগ্রহনে জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


