সন্ধান২৪.কম : নিউইয়র্কে কুইন্স কাউন্টি ওমেন’স বার এসোসিয়েশনের সভাপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বাংলাদেশি-আমেরিকান এটর্নি সোমা সাঈদ । ২০২০-’২১ মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তিনিই প্রথম একজন বাংলাদেশি-আমেরিকান এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন।
সোমা সাঈদ কুইন্সের ফরেস্ট হিল কেন্দ্রিক লিটিগেশন এন্ড ট্রানজ্যাকশনাল ল’ ফার্ম ‘সোমা সাঈদ এন্ড এসোসিয়েটস’-এর প্রিন্সিপাল এটর্নি । তিনি নিউইয়র্ক স্টেট বার এসোসিয়েশনের ল’ইয়ার রেফারেল এন্ড ইনফরমেশন সার্ভিস বিষয়ক কমিটির চেয়ারপারসন হিসাবেও কাজ করছেন । সোমা ১৬ বছর যাবত আইন পেশার সাথে সম্পৃক্ত।
পেশাগত সাফল্য ও কমিউনিটির সেবায় অবদান রাখার জন্য তিনি সরকারি ও সামাজিকভাবে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। গভর্নর ক্যুমো ২০১৭ সালে তাকে সার্টিফিকেট অব রিকগনিশন প্রদান করে সম্মানিত করেছিলেন। এছাড়াও নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট লেটিসিয়া জেমস, ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক (ওয়েস্ট নাসাউ চ্যাপ্টার), সাউথ এশিয়ান পলিটিকাল একশন কমিটি (সাপাক) প্রভৃতি সংগঠনের পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। করোনা দুর্যোগকালে বেকারত্ব, বাড়ি মালিক ও ভাড়াটিয়াদের অধিকার, অভিবাসী অধিকার, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা, সরকারি রিলিফ ইত্যাদি বিষয়ে তার কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে।