নিউইয়র্কে কেন বাড়লো ধর্ষণ, ডাকাতি ও হেট ক্রাইম !

সন্ধান২৪.কম:  নিউইয়র্কের কুইন্সের সাউথ জ্যামাইকায় নিজ বাসার দিকেই যাচ্ছিলেন ১৫ বছর বয়সি এক কিশোর। এসময় ‘আগস্ট মার্টিন হাইস্কুলে’র পাশে অজ্ঞাত এক ব্যক্তি ছাত্রটির মাথায় ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ১৫ মে বুধবার বেলা ২:৫০ মিনিটে ১১২ অ্যাভিনিউর সাউথ জ্যামাইকাতে এই ঘটনা ঘটেছে। একই দিন গত বুধবার কুইন্সের ১৬০ স্ট্রিটের নিজ অ্যাপার্টমেন্টের সামনে ১২ বছর বয়সি এক কিশোরিকে গুলি করা হয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। এর আগের সপ্তাহেই নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত হয়েছে ২ কিশোর এবং আহত হন অন্তত ৬ জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় বলে এনওয়াইপিডি জানিয়েছে।

নিউইয়র্কে ২০২৪ সালে এপ্রিল মাস পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ১২৪ জন, যা ২০২৩ সালে এই সময়ে ছিল ১১৮ জন। নিউইয়র্কে ডাকাতির ঘটনা ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঘটেছে ১৩২৬টি। যা ২০২৩ সালে ছিল ১২৩৭টি। মারাত্মক হামলার ঘটনা ২০২৪ সালে ঘটেছে ২২৭০টি এবং একই সময়ে ২০২৩ সালে ছিল ২৩১৪টি। গত বছরের তুলনায় এপ্রিল মাসে খুনের ঘটনা কমেছে। ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে খুন হয়েছেন ২৩ জন। যা গত বছর ২০২৩ সালে ছিল ৩৩ জন। ২০২৪ সালে হেট ক্রাইম হয়েছে ৬৪টি যা গত বছর ২০২৩ সালে ছিল ৪৬টি। গত বছরের একই মাসের তুলনায় ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে হেট ক্রাইম। এনওয়াইপিডির প্রকাশিত এসকল তথ্য থেকে দেখা যায়, ধর্ষণ, ডাকাতি, হেট ক্রাইম ঘটনা বেড়েছে। নগরীতে জঘন্য অপরাধের ঘটনাগুলো সাবওয়ে বা এর আশপাশেই বেশি ঘটে থাকে।

২০২৪ সালে গত বছরের চেয়ে একই সময়ে বড় অপরাধের সংখ্যা বৃদ্ধি র পেছনে এনওয়াইপিডির কমিশনার এডওয়ার্ড ক্যাবান মন্তব্য করেছেন। নিউইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে বিশেষ করে সাবওয়ের সহিংসতা সম্পর্কে এনবিসিকে বলেন, নিউইয়র্কে অবৈধ অভিবাসিদের সংকটের ফলে অপরাধ বেড়েছে। জুলাই মাসে নিউইয়র্কের অপরাধ আগের তুলনায় বৃদ্ধি পাবার কারণে নিরাপত্তা জোরদারের কথাও তিনি বলেন। ৩৩ হাজার পুলিশ অফিসার নগরবাসিকে সুরক্ষা দেয় বলে তিনি জানান। পুলিশ কমিশনার বলেন, গভর্নর ক্যাথি হুকল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নিউইয়র্কের সাবওয়তে জঘন্য হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না।’

পুলিশ অপরাধিদের দ্রæততম সময়ে গ্রেফতার করলেও তারা জামিনে বের হয়ে আসে এবং আবার একই অপরাধে যুক্ত হয় বলে পুলিশ মনে করছে।

এপ্রিল মাসে এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্ক ফোর্স দ্বারা তদন্ত করার পর তারা দেখতে পান গত বছরের চেয়ে বর্তমান সময়ে হেট ক্রাইম অনেক বেড়েছে। মুসলিম ও ইহুদি বিরোধি ঘটনা এপ্রিল মাসে দ্বিগুণ হয়েছে। এপ্রিলের শেষ পর্যন্ত, ইহুদি বিরোধী ঘটনা বেড়েছে ৪৮ শতাংশ, যেখানে মুসলিম-বিরোধী ঘটনা ১৭৫ শতাংশ বেড়েছে বলে এনওয়াইপিডির দেওয়া তথ্যে জানা গেছে।

নিউইয়র্ক পুলিশ চলতি বছর বড় অপরাধের জন্য ৪ হাজার ৪৬০ জনকে গ্রেপ্তার করেছে যা গত বছর ২০২৩ সালে এই সময়ে ছিল ৪ হাজার ২৩৩ জন। একই সময়ের তুলনায় গ্রেপ্তার ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Exit mobile version