সন্ধান২৪.কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৭ সাধারণ অধিবেশনে যোগ দিতে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন।
তাঁকে স্বাগত জানানো এবং সংবর্ধনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যেমন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপিও শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচিও গ্রহন করেছে।

বর্তমানে নিউইয়র্কে শেখ হাসিনাকে স্বাগত জানাতে এবং তাঁকে প্রতিরোধ করতে দুই দলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ঘরোয়া বৈঠক,টাউন হল সভা এবং গণসংযোগ শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোও বসে নেই। তারাও প্রধানমন্ত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলতে নানা পরিকল্পনা আটতে শুরু করেছে। নিউইয়র্কে শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে আওয়ামী লীগ ও বিএনপির প্রচার-প্রকাশনাও সমানতালে চলছে।

নিউইয়র্কে শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত পোস্টার-ফেস্টুন নিয়ে বিমানবন্দরে, জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ এবং গণসংবর্ধনাস্থলে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে শুরু করে জ্যামাইকা,ব্রঙ্কস, ব্রুকলিনে সভা-সমাবেশ করে আওয়ামী লীগ গণসংযোগ করে চলছে।
এদিকে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেখানে যেখানে সমাবেশ করবে,একই জায়গায় যুক্তরাষ্ট্র বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচিও গ্রহন করেছে। সদ্য গঠিত নিউইয়র্ক উত্তর ও দক্ষিণ বিএনপি শাখা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে এবং তাঁকে প্রতিরোধ করতে দুই দলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা থাকলেও, যুক্তরাষ্ট্রের বহুধা বিভক্ত বিএনপি তেমন কোনো প্রতিরোদ গড়তে ও শোডাউন করতে পারবে না বলে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি এনাম।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেন,এখন যুক্তরাষ্ট্রে বিএনপির বিভিন্ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য প্রতিটি নেতা-কর্মী উজ্জীবিত হয়ে উঠছেন। যার ফলে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিউইয়র্কে ব্যাপক আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে। তিনি প্রধানমন্ত্রীর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য এবং সংবর্ধনায় দেওয়ার সময় বিক্ষোভ জানাতে বিএনপির সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহ্বান।
গত কয়েক বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে এলে জামায়াতে ইসলামীর সমর্থকেরা বিভিন্ন ব্যানারে প্রতিবাদ সমাবেশ করে আসছে। জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রী ভাষণের সময় এবারও তারা বেশ বড় আকারের সমাবেশ করবে বলে, একটি সুত্র থেকে জানা যায়।
এই সফরে শেখ হাসিনার নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য, বাংলাদেশ সরকারের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ নেতা–কর্মীরাও থাকবেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে বা গণসংবর্ধনার সামনে বিরোধীদের যেকোনো তৎপরতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে বলেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
অন্যদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো ‘যেখানে হাসিনা, সেখানে প্রতিরোধ’ কর্মসূচির অংশ হিসেবে জেএফকে বিমানবন্দরে, জাতিসংঘের সামনে এবং শেখ হাসিনার অবস্থানস্থল হোটেলের সামনে প্রতিবাদ বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধক্ষ্য জসিম ভূইয়া জানিয়েছেন, তারা যে কোন মূল্যেই হোক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রাখবে। এর জন্য বিএনপির সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ করা হচেছ বলে তিনি জানান।
এদিকে নিউইয়র্কে শেখ হাসিনার আগমনের দিন যতই কাছে আসছে,ততই আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি,দ্বন্দ্ব ও কোন্দল মাথা চাড়া দিয়ে উঠছে। এই দুই দলের নেতৃস্থানীয়রা নানা ইস্যুতে জন্ম নেয়া কোন্দল সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯ সেপ্টেম্বর লন্ডন থেকে এসে দিনের শেষে নিউইয়র্কে পৌঁছানোর কথা।


