সন্ধান২৪.কম: ২৪ মে শুক্রবার থেকে ২৭ মে চারদিনব্যাপী ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে। সব দিক থেকে এবারের বই মেলা অতিতের সব কিছুকে ছাপিয়ে যাবে। বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
১৪ মে রাতে জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বাংলা বই মেলায় অন্তত ৪০ টি প্রকাশনা সংস্থার ১০ হাজার নতুন বই থাকছে। বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বইমেলায়। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার প্রতিষ্ঠিত ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়।
বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা ও উপদেষ্টা ফারুক ভূইয়া, কৌশিক আহমেদ, নাজমুল আহসান, শামীম আল আমিন, দর্পন কবীর, মাহফুজুর রহমান, সনজীবন কুমার, সাহাব উদ্দিন সাগর, সেমন্তী ওয়াহেদ, সাখাওয়াত সেলিম, ইব্রাহিম চৌধুরী খোকন, ক্লারা রোজারিও প্রমূখ।
বাংলাদেশ ও ভারত থেকে উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিদের থাকছেন
ওয়াশিংটন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউ ইয়র্ক কনসাল-জেনারেল মোঃ নাজমুল হুদা, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারোয়ার আলী, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ আরেফিন সিদ্দিকী, কথা সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি সাইফুল্লাহ মহমুদ দুলাল, বিশ্ব ভারতীর অধ্যাপক ড প্রহ্লাদ রায়, কোলকাতার শুকতারা ও নবকল্লোল সম্পাদক রূপা মজুমদার প্রমূখ।
এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি সিনেমা। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশক কে পুরস্কৃত করা হবে। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।
প্রকাশনী প্রতিষ্ঠানের মধ্যে থাকছে সময়, অনন্যা,নালন্দা,কথা প্রকাশ,বিদ্যা প্রকাশ,মাওলা ব্রাদার্স, মুক্তধারা নিউ ইয়র্ক, স্বদেশ শৈলী, কাশবন, ইত্যাদি, অন্বয়, দেব সাহিত্য কুটির, কাকলী, বিশ্বসাহিত্য কেন্দ্র, গ্রন্থকুটির, বাংলা একাডেমী,বাতিঘরসহ বেশ কিছু প্রতিষ্ঠান।
আমন্ত্রিত শিল্পী (গায়ক, অভিনেতা) থাকছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, নিরুপমা রহমান(অস্ট্রেলিয়া), গবেষক ও কণ্ঠশিল্পী আফজাল হোসেন, অভিনেতা ও পরিচালক আহকাম উল্লাহ, আবৃত্তি শিল্পী লিলি ইসলাম প্রমূখ।
এছাড়া যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক থেকে অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন।
অংশগ্রহণকারী সহযোগী সংগঠন হচ্ছে- মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা, অন্যথিয়েটার (টরন্টো) জনকন্ঠে নজরল (নিউ জার্সি), বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, সঙ্গীত পরিষদ,উদীচী,আড্ডা, বাফা, আনন্দধ্বনিসহ বেশ কিছু সংগঠন।


