সন্ধান২৪.কমঃ ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নিউইয়র্কে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
গত কাল বৃহস্পতীবার ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নিউইয়র্কের বিভিন্ন পূজামন্ডপ ও কমিউনিটি সেন্টার। এ ছাড়াও ব্যক্তিগত ভাবেও নিউইয়র্কের অনেক বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। আজ শুক্রবার ২৭ জানুয়ারী তাজমহল পার্টি হলে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক-কে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।


পূজা উপলক্ষে ওঁম শক্তি মন্দির,মহামায়া মন্দির,সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন-মহাকালী মন্দির ,বিনাপানী সংঘ ইউএসএ,শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির,দিব্যধান মন্দির,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইউএসএ,হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন,ব্রঙ্কস পূজা কমিটিসহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন।
সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।


