সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে অনুষ্ঠিত ‘মিস শ্রীলঙ্কা’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো ঘটে গেল এক লঙ্কাকান্ড। আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতার এই আয়োজন শেষ হয়েছে হাতাহাতি ও মারধরের মধ্য দিয়ে।
শুক্রবার মিস শ্রীলঙ্কা সুন্দরী প্রতিযোগিতার পার্টি শেষে এই মারামারির ঘটনা ঘটে।

এই মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর বিষয়টি আবারও আলোচনায় আসে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সুন্দরী প্রতিযোগিতার এই আয়োজনে ৩০০ জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত নারী এবং পুরুষরা একে অপরকে কিল-ঘুষি, লাথি এমনকি মাটিতে ফেলেও মারধর করছেন।
জানা গেছে, ‘মিস শ্রীলঙ্কা নিউইয়র্ক’ প্রতিযোগিতার পার্টি শেষে এ মারামারির ঘটনা ঘটে। এতে সেখানে বেশকিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে। সংঘর্ষে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তবে প্রতিযোগীর কেউ এই সংঘর্ষে জড়াননি বলে জানিয়েছেন প্রতিযোগিতার অন্যতম আয়োজক সুজানি ফার্নান্দো। তিনি বলেন, ১৪ জন প্রতিযোগীর কেউই সংঘর্ষে জড়াননি। এটি কেবল মারামারির ঘটনা। বাচ্চাদের মাঝেও মারামারি হয়। আর এমন ঘটনা যেকোনো সংস্কৃতি, যেকোনো জাতির ক্ষেত্রেই ঘটে। এটি কেবল শ্রীলঙ্কানদের মাঝে হয়, তেমন নয়। শ্রীলঙ্কানরা ভালো মানুষ।
উল্লেখ্য, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হওয়া শ্রীলঙ্কাকে সহায়তা করতে নিউইয়র্কে ‘মিস শ্রীলঙ্কা’ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।


