নিউইয়র্কে গভর্নর নির্বাচন : জেলদিন-হকুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কের গভর্নর নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি আছে। এরই মধ্যে ডেমোক্রেট ও রিপাবলিকানের তীব্র ভাবে ভোট যুদ্ধ ‍শুরু হয়েছে। যদিও বর্তমান গভর্নর ক্যাথি হকুল নির্বাচনী দৌড়ে এখনো জেলদিনের চেয়ে এগিয়ে আছেন। তবুও নিউইয়র্ক স্টেটের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী লী জেলদিন ও ডেমোক্রেটিক প্রার্থী ক্যাথি হকুল প্রতিদ্বন্দ্বিতায় একেবারে কাছাকাছি অবস্থানে চলে এসেছেন।


সময় যত ঘনিয়ে আসছে, দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে অস্ত্র শান দিতে শুরু করেছেন। বলতে শুরু করেছেন যে, নিউইয়র্কের ভোটাররা অন্যান্য বিষয়ের চেয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ধসনামা অর্থনীতি এবং মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান চাপে। স্টেটের ৬১ শতাংশ ডেমোক্রেট ভোটারের মধ্যে নিউইয়র্ক ঠিক পথে আছে, কিন্তু ৮৭ শতাংশ রিপাবলিকান ও অধিকাংশ স্বতন্ত্র ভোটার মনে করেন যে স্টেট ভুল দিকে চলছে। জরিপ অনুযায়ী ক্যাথি হকুল শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে তার সমর্থক হারিয়েছেন এবং মনে হয় শ্বেতাঙ্গরা দুই প্রার্থীর পক্ষেই সমভাবে নিজেদের সমর্থন ভাগ করে নিয়েছেন।
সিয়েনা কলেজের সাম্প্রতিক জরিপ ফলাফল অনুযায়ী, জেলদিন যেভাবে পিছিয়ে ছিলেন, তিনি তার সে অবস্থা কাটিয়ে উঠে হোকুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে সক্ষম হয়েছেন। ডেমোক্রেট স্টেট হিসেবে পরিচিত নিউইয়র্কে প্রার্থী হিসেবে রিপাবলিকান জেলদিন লিবারেল হিসেবে পরিচিত এবং রিপাবলিকানরা তার বিজয়ী হয়ে আসার সম্ভাবনা দেখছিল। কিন্তু বাস্তব হচ্ছে ২০০২ সাল থেকে নিউইয়র্ক স্টেটে কোনো রিপাবলিকান প্রার্থী জয় লাভ করেননি।
এর আগের সপ্তাহে মারিস্ট কলেজের এক জরিপ অনুযায়ী ক্যাথি হকুল রেজিস্টার্ড ভোটারদের মধ্যে ১০ শতাংশ পয়েন্টে এবং সাধারণ ভোটারদের মধ্যে আট শতাংশ পয়েন্টে লী জেলদিনের চেয়ে এগিয়ে ছিলেন। এছাড়া ভোট বিশ্লেষণ ওয়েবসাইট ফাইভথার্টিএইট ওয়েবসাইটের এর জরিপে মিসেস হকুল সব মিলিয়ে ১২ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ক্যাথি হকুল এবং লী জেলদিন একে অন্যের প্রতি আক্রমণের নানা রকম কৌশল অবলম্বন করছেন। পরস্পরকে তাদের নিজ দলের চরমপন্থী বলে বর্ণনা করছেন, এমনকি তারা গর্ভপাত ও জাতি পরিচয় নিয়েও কথা বলছেন।
নিউইয়র্ক সিটিতে ক্যাথি হকুলের অবস্থা এখনো ভালো এবং তিনি জেলদিনের ২৩ শতাংশ পয়েন্টের বিপরীতে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে যথেষ্ট শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন।

Exit mobile version