সন্ধান২৪.কম: গত ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এক মঞ্চে গান গাইলেন বাংলাদেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
‘সাত সুরে রাঙা সন্ধ্যা’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে শো টাইম মিউজিকের আলমগীর খান আলম।
সঙ্গীত পরিবেশনের মাঝে মাঝে, গান ও রবি ঠাকুরকে নিয়ে টুকরো টুকরো কথাও বললেন হাদি ও বন্যা ।

আলমগীর খান আলম অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য করেন । অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীকে দেন মো. আনোয়ার হোসেন এবং রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে দেন ডাক্তার চৌধুরী সারওয়ার হাসান চৌধুরী । আব্দুল হাদী ও বন্যাকে নিয়ে সালেম সুলেরীর লেখা পদ্য আবৃত্তি করে শোনান সেলিম ইব্রাহিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনিসুর রহমান দিপু।
উপমহাদেশের অন্যতম রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রথমেই সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে আসেন । গাইলেন কবিগুরু রবিঠাকুরের ‘ও আমার দেশের মাটি’,‘ওগো দু:খ জাগানিয়া তোমায় গান শোনাবো’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’,‘তোমার খোলা হাওয়া’, ‘আজি বিজন ঘরে’, ‘সখি ভাবনা কাহারে বলে’, ‘ও যে মানে না মানা’ ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’সহ আরো কিছু গান।

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে,’ ‘প্রমোদে ডালিয়া দিনু মন’ ‘মাটির পিনজিরা’, ‘চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে’, ‘ও আমার দেশের মাটি’, ‘চোখের কাজল এমনি কইরা’, ‘কেউ কোন দিন আমারে তো কথা দিল না’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘এই পৃথিবীর পান্থশালায় গাইতে’, এই সব বিখ্যাত কিছু গান গাইলেন সৈয়দ আব্দুল হাদী।
রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, পূর্ববঙ্গে বসবাসের অভিজ্ঞতার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ‘রবীন্দ্রনাথ’ হতে পেরেছেন।

সৈয়দ আব্দুল হাদী বলেন, আমি বন্যার গান খুব উপভোগ করেছি। আপনারা আমার গান এমন তন্ময় হয়ে শুনছেন, যা আমার জন্য এক অশেষ সম্মানের। আপনাদের এমন ভালোবাসা পেলে আরও গান গেয়ে যেতে চাই ।
অনুষ্ঠানের আয়োাজক আলমগীর খান আলম বলেন, দুই গুণী শিল্পীকে নিয়ে এমন শুদ্ধ সঙ্গীতের আয়োজন আমাদের জন্য গর্বের। অনেকদিন থেকে নিউইয়র্কের শ্রোতারা তাদের গান শুনতে চাচ্ছিলেন, আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আরও আয়োজন করে যাব।
অনুষ্ঠানের মিডিয়া পাটর্নার ছিল সময় টিভি, সাপ্তাহিক আজকাল ও আইবি টিভি ইউএসএ। মিলনায়তন পূর্ণ সুধীজনের উপস্থিতিতে ‘সাত সুরে রাঙ্গা সন্ধ্যা’ রাত ৯টা থেকে ১২ টা চলে।


