নিজামুদ্দিনের আবাসিক অংশ খুলে দিতে বলল দিল্লি আদালত

সন্ধান২৪.কম : দিল্লির একটি আদালত  আগামী পাঁচ দিনের মধ্যে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আবাসিক অংশ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে । আবাসিক অংশের চাবি সেখানকার বাসিন্দা মাওলানা সাদের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভির পরিবারকে মারকাজের আবাসিক অংশের চাবি বুঝিয়ে দেওয়ার জন্য দিল্লি সরকারকে নির্দেশ প্রদান করেছে দেশটির আদালত।

গত শুক্রবার  নিজামুদ্দিন মারকাজের পক্ষ থেকে মাওলানা সাদের মা খালেদা কর্তৃক আদালতে করা আবেদনের ওপর দীর্ঘ শুনানির পরে এই রায় প্রদান করা হয়। খবর হিন্দুস্থান টাইমস। দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  শুনানিতে বলেন, সংবিধানের ২১ ধারা অনুযায়ী ভারতের প্রতিটি নাগরিকই স্বাধীনভাবে তার সম্পদ ব্যবহারের অধিকার রাখেন।

তবে মাওলানা সাদের পরিবারকে একটি হলফনামা দিতে বলা হয় যে, তারা পরবর্তী কোনো তদন্তের ক্ষেত্রে বাধা দেবে না। তাছাড়া আবাসিক অংশে সেখানকার স্থায়ী আবাসিক বাসিন্দারা ছাড়া আর কেউ থাকবে না এবং নিজামুদ্দিন মারকারেজ কোনো অংশ তারা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না।

আদালতের আবেদন মতে, ৩১ মার্চ এফআইআর-এর তালিকায় অন্তর্ভূক্তির পর মারকাজের পুরো ভবন খালি করে জীবাণমুক্ত করার জন্য বন্ধ করে দেওয়া হয়। আর ভবনের চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আবেদনে আরো বলা হয়, আবাসিক অংশের ভবনটি চার তলা বিশিষ্ট। আর ভবনটি দেওয়াল দিয়ে দুই ভাগে বিভক্ত। এক ভাগে আবেদনকারী নিজের পরিবার নিয়ে বসবাস করেন। ভবনের উভয় অংশের প্রবেশ পথ ভিন্ন ভিন্ন।

গত মার্চের মাঝামাঝিতে একটি জমায়েতকে কেন্দ্র করে তাবলিগ সদস্যরা ভারতের বিজেপি সরকারের রোষানলে পড়েন। অনুষ্ঠানের বিষয়টি প্রকাশিত হলে তাতে অংশ নেয়া ইন্দোনেশিয়া, মালয়শিয়া ও বাংলাদেশসহ বিশ্বের কয়েকহাজার অনুসারীকে গ্রেফতার করে বিশ্ব তাবলিগ জামাতের সদর দফতরটি বন্ধ করে দেয়া হয় । সূত্র : হিন্দুস্তান টাইমস

 

Exit mobile version