জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল বলেন, নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
তামিম বলেন, দুই দলের শক্তির বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
দেশসেরা এই ওপেনার আরও বলেন, এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।
বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দু–একটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিক দিয়ে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।
