সন্ধান২৪.কম ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে আমেরিকার মাটিতে ফুটবল বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় না ইরান। তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি মেক্সিকোয় সরিয়ে দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করল ইরানের ফুটবল সংস্থা।
ফুটবল বিশ্বকাপ নিয়ে জটিলতা বাড়তে শুরু করেছে। আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় ইরান।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ফুটবল দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। তিনি ঘুরিয়ে ইরানের ফুটবল দলকে আমেরিকায় যেতে বারণ করেছেন। বিষয়টা উদ্বেগের। আমরা ফিফার সঙ্গে কথা বলছি। আমাদের ম্যাচগুলো আমেরিকা থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।’’ তাজ নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেননি। মেক্সিকোয় অবস্থিত ইরানের দূতাবাসের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলি ইরানের খেলার কথা লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে।
কয়েক দিন আগে ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’’ জবাবে ইরানের ফুটবল দলের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের সুবাদে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। সে কারণে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। ইচ্ছা হলেই কেউ ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।’’
