সন্ধান২৪.কমঃ জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াইর (জেবিবিএ) দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত হয়ে আছে। দুই জেবিবিএ-কে নিয়েই কমিউনিটিতে আছে নানা বির্তক,আলোচনা ও সমালোচনা। আছে গঠনতন্ত্র না মানা, এবং অর্থ আত্মসাৎ নিয়ে বিস্তর অভিযোগ।
এর একটি অংশের বর্তমান নেতৃত্বে রয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার এবং হারুণ ভূঁইয়া। জেবিবিএ‘র অপর অংশের নির্বাচন আগামী ৯ জানুয়ারী হতে যাচ্ছে।
আগামী ৯ জানুয়ারীতে আপনাদের প্রতিপক্ষ জেবিবিএ‘র হতে যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি এবং আপনাদের জেবিবিএ বর্তমান কি অবস্থায় আছে ? আজকালের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে জেবিবিএর আহ্বায়ক মোহাম্মদ পিয়ার বলেন,আমি জেবিবিএ‘র জন্মলগ্ন থেকেই আছি। সব কিছু দেখছি। এখন এখানে অনেকে উড়ে এসে জুড়ে বসে নেতা হওয়ার জন্য নানা রকম অসৎ পন্থা অবলম্বন করে জেবিবিএর ভাবমূর্তি নষ্ট করার পায়তারায় নেমেছে। সভাপতি/ সাধারণ সম্পাদক হওয়ার জন্য অসৎ উপায়ে তারা পয়সা দিয়ে ভোটার বানাচ্ছে। প্রার্থীরা নিজের পকেটের অর্থ ব্যবসায়ীদের দিয়ে তাদের নামে চেক লিখে তাদের ভোটার বানাচ্ছেন, এমন অভিযোগও পাওয়া গেছে বলে পিয়ার জানান।
তাদের ভোটার সংখ্যা নাকি ৪২১ জন। পিয়ার প্রশ্ন রেখে বলেন, আমার তো বাদই থাকলাম, তা বাদেও জ্যাকসন হাইটসে ৪২১ জন ব্যবসায়ী কোত্থেকে এলো ? এদের মধ্যে অনেকেই জানেন না,তারা ভোটার হয়েছেন।
আর আমরা প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে জেবিবিএ গড়ার লক্ষ্যে ধীরে-সুস্থে এগুচ্ছি। সংগঠনটাকে গুছাচ্ছি। জেবিবিএ খুব নাজুক অবস্থায় ছিল, সেখান থেকে একটি সফল জেবিবিএ করার জন্য আমরা ভেবে-চিন্তে কাজ করছি।
একই প্রশ্ন সংগঠনের প্রাক্তন সভাপতি দিদারুল ইসলাম দিদারকে করা হলে তিনি বলেন, বিভক্ত জেবিবিএকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন সময় নানা রকম চেষ্টা করেছি। কিন্ত কিছু ব্যবসায়ীর একগুঁয়েমির কারণে তা সফল হয়নি। এটা খুব দুঃখজনক। সবাইকে নিয়ে জেবিবিএ হলে খুব ভালো হতো। দিদার বলেন, যে জেবিবিএ-তে আপনা বাজার,মান্নান গ্রোসারী, হাটবাজার, খামার বাড়ির মত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান নাই, সেই জেবিবিএর গ্রহনযোগ্যতা কতটুকু থাকতে পারে ?
জেবিবিএর আহ্বায়ক কমিটি সদস্য সচিব হারুণ ভূইয়া বলেন, আমরা গঠনতন্ত্র অনুসরণ করে কাজ করে যাচ্ছি। প্রকৃত ব্যবসায়ীদের সদস্য করছি। সবকিছু ঠিক করে অচিরেই একটি সভা ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। অন্য জেবিবিএর নির্বাচন প্রসঙ্গে বলেন, তারা অন্যায় ভাবে অন্য একটি জেবিবিএ করেছে। এবং সেই অবৈধ কমিটির অবৈধ নির্বাচন হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি-সময় আসলেই তা দেখতে পাবেন।


