নেতৃত্ব হারালেন। বিশ্রামের আড়ালে টি ২০ দল থেকে বাদ পড়লেন মাহমুদউল্লাহ। তার টি ২০ অধিনায়কত্ব অধ্যায়ের শেষটা হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফরেই হয়ে গেছে। টি ২০ বিশ্বকাপের আগে এই সংস্করণে নতুন অধিনায়ক হিসাবে বিসিবির প্রথম পছন্দ সাকিব আল হাসান।
তার আগে জিম্বাবুয়ে সফরে সাকিবের অনুপস্থিতিতে নুরুল হাসান সোহানকে দেখে নিচ্ছে বোর্ড। ভবিষ্যতের নেতা তৈরির পরিকল্পনা থেকে এই সিরিজে টি ২০ অধিনায়ক করা হয়েছে নুরুলকে। কাল জিম্বাবুয়ে সফরের দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, মাহমুদউল্লাহ বিষয়টি ইতিবাচক হিসাবেই নিয়েছেন। কিন্তু বিসিবির কাছে তিনি কিছু প্রশ্নও ছুড়ে দেন।
নতুন চেহারার তরুণ এক দলকে সামলাতে হবে নুরুল হাসানকে। দলে পঞ্চপাণ্ডবের কেউ নেই। টি ২০ ক্রিকেটে নুরুল হাসানের বলার মতো পারফরম্যান্স নেই। তবে ঢাকা প্রিমিয়ার লিগের গত আসর থেকে ছন্দে আছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো করেছেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসানকে অধিনায়ক করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে নতুনদের পারফরম্যান্স দেখতে চাই। নুরুল ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে। তার নেতৃত্বগুণ আছে, আক্রমণাত্বক, অনুপ্রাণিত করতে পারে। আমরা নির্বাচকরাসহ সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। তার আগে এমন সিদ্ধান্ত নিয়ে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, ‘এই দলে সিনিয়ররা কেউ নেই, নুরুলই এদের মধ্যে সিনিয়র। সবার একটু বিশ্রামের দরকার। অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য মাহমুদউল্লাহ, মুশফিককে বিশ্রামে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের কিছু ভয়ডরহীন খেলোয়াড় তৈরি করতে হবে। আমরা এখন কোনো দেশকে ফলো করছি না। নিজেদের নিয়েই ভাবছি। নতুন যুগের সূচনা হচ্ছে। অনেকেই বলছে দলে পাওয়ার হিটার নেই। সেটা তৈরি করার ক্ষেত্রেও এটি একটি পদক্ষেপ। এই ফারম্যাটে কেন ভালো করতে পারছি না, সেই চিন্তা থেকেই আমাদের এই সিরিজটা দেখা।’
টি ২০ দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন। ঘরোয়া ক্রিকেটে তিনি সেঞ্চুরি করেছেন। নতুন দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘সামনে বিশ্বকাপ, তার আগে এশিয়া কাপ। এই সময়ে একটি সিরিজ পাওয়ায় আমরা সবাইকে একটু দেখে নেওয়ার সুযোগ পাচ্ছি। জিম্বাবুয়ে সিরিজ থেকে ভালো কিছু পেলে এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের কাজে দেবে।’ জালাল ইউনুস বলেন, ‘নতুন নেতা তৈরি করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একেক ফরম্যাটে আমরা একেকজনকে চিন্তা করছি। নুরুলকে যে বিশ্বকাপের জন্য ভাবছি, তা-নয়। যেহেতু আমাদের ভবিষ্যতের জন্য নেতা তৈরি করা দরকার, তাই আমরা এখন ভিন্নভাবে ভাবছি।’ জিম্বাবুয়ে সফরে এবার বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে।


