সন্ধান২৪.কম: নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুরের হাওরে ঘুরতে এসে বুধবার দুপুরে রাজালীকান্দা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে একই পরিবারের ৮ সদস্যসহ কমপক্ষে ১৭ জনেরমৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিহতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলা সদরের চরাঞ্চল কোনাপাড়া ও চর খরিচা গ্রামে। এরা সবাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী।


মদন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ তালুকদার জানান, রাজালীকান্দা হাওরে নৌকাডুবির ঘটনায় বিকাল ৪টা পর্যন্ত দুই শিশু কন্যাসহ ১৭ জন মাদ্রাসা ছাত্র-শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। এছাড়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছ।
নেত্রকোনা জেলার মদন উপজেলার তেলিখালি মাদ্রাসা পরিচালক মাওলানা শফিকুর রহমানের আমন্ত্রণে আনন্দ ভ্রমণে গিয়ে ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকরা এই দুর্ঘটনার কবলে পড়েন। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১৭ জনের প্রাণহানি ঘটে।
নৌকাডুবির ঘটনায় নিহতদের আটজন কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমানের পরিবার সদস্য। নিহতদের বাকি দুজন তাদের প্রতিবেশী এবং অন্যদের বাড়ি কোনাপাড়া ও চর খরিচা গ্রামে।
নিহতরা হলেন মাহফুজুর রহমান (৪৫), তার দুই পুত্র আসিফ (১৫) ও মাহবুব (১২), ভাগ্নে রেজাউল (১৫), ভাতিজা জোবায়ের (২০) ও জোনায়েদ (১৭), ভাতিজি লুবনা (১৩) ও জুলফা (৭)। এছাড়াও তাৎক্ষণিক পাওয়া অন্য নামগুলো হচ্ছে শফিকুর রহমান (৪০), ইসা মিয়া (৪০), আজহারুল ইসলাম (৩৮), সামাআন (২০), মুজাহিদ মিয়া (১৭), হামিদুল ৩৫), সাইফুল ইসলাম রতন (৩০) জহিরুল ইসলাম (৩৫), রাকিব (২০)। এ দুর্ঘটনায় সাধ (২৬) নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মদন উপজেলার তেলিখালি মাদ্রাসা পরিচালক মাওলানা শফিকুর রহমানের আমন্ত্রণে আনন্দ ভ্রমণে অংশ নেন ময়মনসিংহ সদরের কোনাপাড়া গ্রামের মারকাজুল সুন্নাহ মাদ্রাসার ৪৮ জন ছাত্র-শিক্ষক। নেতৃত্বে ছিলেন মারকাজুল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান। বুধবার সকালে তারা নেত্রকোনা জেলার মদন উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত উচিতপুর হাওর এলাকায় আনন্দ ভ্রমণে আসেন। তারা একটি ইঞ্জিনচালিত বড় নৌকায় করে উচিতপুর ঘাট থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিলেন। হাওরে পানি খুব বেশি না থাকলেও প্রবল বাতাসের কারণে বড় বড় ঢেউ উঠায় নৌকাটি রাজালীকান্দা নামক স্থানে হঠাৎ কাঁত হয়ে ডুবে যায়।


