সন্ধান২৪.কমঃ পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে নারী ২৮, পুরুষ ১৬ ও ২৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে রাত ৮ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশেপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা মঙ্গলবার ভোর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশেপাশে নিজ উদ্যোগে তাদের স্বজনদের খোঁজ করছেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী বলেন, ‘এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ পর পর লাশ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। শনাক্তের পর আমরা তা তালিকাভুক্ত করছি।’
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।


