সন্ধান২৪.কম : বিদেশি পড়ুয়াদের স্বার্থরক্ষায় ট্রাম্পকে চ্যালেঞ্জ করে এ বার মামলা করতে চলেছে ক্যালিফর্নিয়া প্রদেশও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পড়ুয়া-ভিসা বাতিলের সিদ্ধান্ত ঠেকাতে আগেই আদালতে গিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি।
ক্যালিফর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘করোনা-সঙ্কটের এই আবহে হাজার হাজার বিদেশি পড়ুয়াকে এ ভাবে বিপদে ফেলার কোনও মানেই হয় না।’’ সূত্রের খবর, এফ-১ এবং এম-১ ভিসা বাতিলের সিদ্ধান্তকে ‘নৃশংস ও বিদেশি-বিদ্বেষমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আর্জি জানিয়ে হোমল্যাল্ড সিকিয়োরিটি ও মার্কিন শুল্ক ও অভিবাসন দফতরকে চিঠি দিয়েছেন ৩০ জন ডেমোক্র্যাট সেনেটর ও ১৩৬ জন কংগ্রেস সদস্য।
গত সোমবার মার্কিন শুল্ক ও অভিবাসন দফতরের এক নির্দেশিকায় বলা হয়, কোর্স অনলাইনে হলে বিদেশি পড়ুয়াদের আমেরিকা ছাড়তেই হবে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্প আগামী মাসেই সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস লেকচার শুরু করতে চান। হার্ভার্ড যে ৪০ শতাংশ পড়ুয়া নিয়ে অনলাইনেই সব কোর্স করাতে চাইছে, তা-ও হাস্যকর বলে উড়িয়ে দেন প্রেসিডেন্ট। তাই বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের কথা বলে ট্রাম্প কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির উপরেই চাপ বাড়াতে চাইছেন বলে মনে করা হচ্ছে। ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে ১০ হাজারেরও বেশি বিদেশি পড়ুয়া রয়েছেন এখন।


